মানসিক ভিখারি Manoshik Bhikhari

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মানসিক ভিখারি
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

হাত পেতে ভিক্ষা চায়,
আছে অর্থের অভাব,
কত ভিখারি ছড়াছড়ি।

পেটের ক্ষুধা মেটাতে
দু’মুঠো অন্ন চেয়ে নেয়
শীর্ণ হাত তাড়াতাড়ি।

কেউ চায় একটু ভালোবাসা,
কেউ চায় মিথ্যে প্রশংসা,
কেউ আবার মানুষের ভিড়ে
খোঁজে নিজের শ্রেষ্ঠত্বের ভাষা।

আজ ভিক্ষার পাত্র
হাতে নিয়ে দাঁড়াইনি,
তবু আমি ভিখারি—
বিবেকের ভিখারি,
চিন্তার ভিখারি,
নিজস্ব সিদ্ধান্তের ভিখারি।

মাথা আছে—
কিন্তু চিন্তা ধার করা,
চোখ আছে—
কিন্তু দৃষ্টি অপরের বানানো,
মুখ আছে—
কিন্তু ভাষা অন্যের শেখানো।

চোখের সামনে হাজার ছবি,
হাজার শব্দের ঢেউ,
কোনটা সত্য, কোনটা ফাঁদ—
ভাবার সময় পাই না কেউ।

জ্ঞান-সমুদ্র পেয়েও
আমরা কেন তৃষ্ণার্ত?
তথ্য কুড়িয়েছি অনেক,
কিন্তু জ্ঞানকে নিজের ভিতরে
পরখ করিনি একবারও।

মানুষ হয়েও মানুষের কাছে
নিজেকে প্রমাণের শেষ নেই।
যার চাহিদার শেষ নেই,
মানসিক ভিখারি সে-ই।

ফিরে আসুক প্রশ্ন,
ফিরে আসুক বিচার,
ফিরে আসুক নিজের সঙ্গে
নিজের কথোপকথন।

বন্ধ হোক ভিড়ের মাঝে
মানসিক ভিখারির প্রদর্শন।

‘বাহ্ বাহ্’ পেতে
কত মুখ হাসে আজ,
নিজের জীবন শূন্য হলেও
দেখায় সুখের সাজ।

যার ঘর ভরা, মনটা শূন্য,
তারও কত অভাব—
মানুষ হয়েও মানুষ খোঁজে,
এ কেমন হিসাব!

অন্যের স্বীকৃতির আশায়
নিজেকেই প্রতিদিন হারাই।
নিজের মূল্য ভুলে—
মানসিক ভিখারি আমি-ই।

মানসিক ভিখারি আমি-ই…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 167Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted