![]()
গোধূলিবেলায় সূর্য অস্তাচলে দাঁড়িয়ে আমি একা,
বর্ণালী তোমার হাজার রূপ পাবো বলে দেখা ,
তুমি তখন ব্যস্ত তুলসীতলায় সান্ধ্য প্রদীপ হাতে,
হাটের পথে ডাক হাঁকি যাবে নাকি সাথে |
তুমি তখন মুখটা তুলো লাল ঘোমটার তলে,
ততক্ষণে মাঝি ঘাটে ভিড়ে দাঁড় টেনে জলে,
ধূপধুনো পর্ব সাঙ্গ করে খোঁপা বাঁধো ফুলে,
পাখি সব করে রব তোমার নুপুরের তালে |
চুলগুলো বেশ দোলাও তোমার চিরুনির চালে,
বিন্দু ঘাম ঝলক দেখায় ছুঁয়ে নরম দুটি গালে,
কানের দুল নেচে নেচে আগলায় আমায় পথে,
কি মায়া জমিয়ে রাখো তোমার নাকের নথে…
সাজগোজ শেষ করে যখন দরজায় খিল টানো…
তোমার চলনে ময়ূরী পেখম তুলে মানো না-মানো,
চলো এবার দু-য়ে মিলে হাটের পথেই যাই,
ব্যস্ত জীবনের কয়েক প্রহর এক সাথে কাটাই |
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)