![]()
তোমার রাগ করার বয়স বাড়ছে মেয়ে,
সকালের দাতব্রাশে পেষ্ট না পাওয়ার মতো রাগ করো আজকাল।
আমার কোন ব্যক্তিগত মানিব্যাগ নেই
পকেটে পয়সা নেই।
আছে পায়ে হাঁটা কয়েকটা পথ।
বাড়ন্ত পথের মতো বাড়ছে তোমার রাগ করার বয়স,
আমি হাসলে তুমি রাগ হও
আমি কাঁদলেও।
দেখা করলে কিংবা দেখা না করলেও রাগ হও খুব।
আমি জানি তোমার রাগ করার বয়স বাড়ছে খুব।
সন্ধ্যায় তোমার অফিসফেরত বাবা মিষ্টির প্যাকেটের মতো হাতে সম্বন্ধ নিয়ে ঘরে ফিরে,
তোমার রাগ হয়না।
বয়স জিজ্ঞেস করো।
ভ্রুজোড়া একসাথে মিলে নাকি নদীর মতো জিজ্ঞেস করো।
বিকেলে মা কিনে আনে একটা অমসৃণ শাড়ি।
তোমার কোমল দেহ ফুটে উঠে নির্লিপ্তভাবে।
তুমি শাড়িটা পরে শহর ঘুরো।
মানুষ তোমায় দেখে,
তুমি দেখো মানুষের সেই চোখ।
তারা জানে তুমি রাগবার মতো মেয়ে নও।
আমার চাকরী নেই,
ডালাপালা মেলে বাড়ছে বয়স
আসছে ফাগুনে হবে আটাশ
ভাবছি একটা রিকশা কিনবো
তুমি খুব রাগ করো।
আমি জানি তোমার রাগ করার বয়স বাড়ছে,
বিয়ের বয়সের মত করে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)