রুদ্ররোষের প্রলয়ধ্বনি Rudrarosher Proloydhoni

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রুদ্ররোষের প্রলয়ধ্বনি
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

ঘূর্ণির প্রলয়তাণ্ডব,
ঘূর্ণাবর্তের আবর্তন।
নিম্নচাপের ঘনঘটা,
বজ্রের গগনগর্জন।

ক্ষোভাগ্নিতে দগ্ধ সময়,
ক্রোধে উত্তাল প্রাণ।
শোষিতের হুঙ্কারে থরথরায়—
স্থান-কাল-আসন।

কখনো প্রলয়ংকরী ঝঞ্ঝা,
কখনো সাইক্লোনের হুঙ্কার।
কখনো মেঘভাঙা বর্ষণ,
কখনো সুনামির অঙ্গীকার।

কালবৈশাখীর উন্মত্ততা,
অগ্ন্যুৎপাতের শিখা।
শোষিত বুকে শুধুই—
ক্ষোভের প্রতিচ্ছবি আঁকা।

তুষারঝড়ের শীতলতা,
হিমেল হাওয়ার দংশন।
জমাট রক্তেও জাগে—
তীব্র প্রতিবাদের স্পন্দন।

ধিক্কার দিগন্তজুড়ে,
জাগুক রুদ্ররূপের ভাষা।
বজ্রকণ্ঠে ঘোষণা হোক—
মানুষের দুর্বার প্রত্যাশা।

ভূকম্পনে কাঁপে মাটির বুক,
নাড়িয়ে দেয় ধরণী।
প্রতিবাদের বজ্রনাদে
জাগে নিপীড়িত জননী।

দাবানলের দহনজ্বালা ছড়ায়—
বন থেকে বনান্তর,
অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায়—
নগর হতে প্রান্তর।

বর্ষার প্লাবন হয়ে ভাসে—
সর্বহারার সব সহ্য।
সুনামির জলোচ্ছ্বাসে ভাঙে—
উপকূলের বাঁধের ধৈর্য।

প্রকৃতিও দেয় বুঝিয়ে—
আছে শেষ।
অত্যাচারে ক্ষুব্ধ হলে
জেগে ওঠে দেশ।

মানবতার জয়ধ্বনিতে
নবযুগ হোক জাগ্রত।
বজ্রনিনাদে ঘোষণা হোক—
মাথা নত নয় আর।

সকলের অভিযানে
কাটুক পৃথিবীর গ্লানি।
মানবতার গান হোক—
রুদ্ররোষের প্রলয়ধ্বনি।

রুদ্ররোষের প্রলয়ধ্বনি…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 168Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted