![]()
বিজয়ের দুই দিন পর
রায়েরবাজারের মাটিতে
লাশেরা কথা বলছিল,
রক্ত আর কাদার জবানিতে লেখা ইতিহাস।
সেই ভিড়ের মধ্যেই
একটি দেহ—
নাম নয়, পরিচয় নয়,
শুধু নিষ্ঠুরতার পূর্ণ অভিধান।
উপড়ে নেওয়া দুটি চোখ,
যেন সত্য দেখার শাস্তি;
বেয়নেটের ক্ষত—
মানবতার ওপর ছুরিকাঘাতের মানচিত্র।
পিছমোড়া দুই হাত,
গামছার গিঁটে বাঁধা স্বাধীনতা।
উরুর ওপরে আটকে থাকা লুঙ্গি—
অসমাপ্ত দিনের লজ্জাহীন সাক্ষ্য।
আর বুক—
যে বুক একদিন
হাজারো হৃদয়কে বাঁচাতে জানত,
সেই বুকে হৃদয়টাই ছিল না।
হৃদপিণ্ড আর কলিজা
উপড়ে নিয়ে গেছে
হানাদার আর নিকৃষ্ট আলবদরেরা—
কারণ তারা জানত,
এ হৃদয় বেঁচে থাকলে অগনিত হৃদয় বেঁচে যাবে তাঁর বেঁচে না থাকার আগে।
এই লাশ
কেবল একটি দেহ ছিল না,
ছিল বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট
অধ্যাপক ডা. ফজলে রাব্বির—
যিনি হৃদয় চিনতেন,
আর হৃদয় দিয়েই দেশকে ভালোবেসেছিলেন।
হাজার বছর পরেও
তিনি থাকবেন আমাদের হৃদয়ে আমাদের রক্তচাপের ভেতরে,
নাড়ির স্পন্দনে,
ভালবাসার ইসিজি গ্রাফে।
যতদিন এই জাতির হৃদয় ধুকপুক করবে,
ততদিন ডা. ফজলে রাব্বি
আমাদের প্রাণে,
হৃদয়ের গভীর গহীনে—
অমর হয়ে বেঁচে থাকবেন।
নিঃশব্দে নয়,
বিনম্র অথচ দৃঢ় শ্রদ্ধায়।
যুগ যুগ ধরে
আমরা স্মরণ করে যাবো
এই কিংবদন্তি বুদ্ধিজীবীকে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)