![]()
আজকাল বাসা থেকে নামলেই মানিব্যাগটি দ্রুত হালকা হতে থাকে
বলবো কী আর, বলবোইবা কাকে
বেতনের শেষ ধাপে এসে স্ট্যাচুর মতো থমকে দাঁড়িয়ে আছি প্রায় চার বছর
অথচ এ সময়ে মূল্য-বৃদ্ধি আর মূল্য-পতনের খবর
ফুলে-ফেঁপে বানে ভেসে যাওয়া নদীর মতো কত বড় হয়েছে!
হাফগুন থেকে দ্বিগুন হয়ে একেবারে ধারণার বাইরে চলে গেছে
চাল-ডাল, মাছ-মাংস থেকে কচু-ঘেচু, এমনকি লতা-পাতার
মূল্য বাড়ে নাই কার!
ছানা-চিনি, দুধ-পানি, মিষ্টি থেকে তেল-কেরোসিন
বিদ্যুৎ গ্যাস বাতি ডাক্তার এমনকি মেডিসিন
রিক্সা ভ্যান-গাড়ী ফুটপাথ এমনকি রাস্তার-
মূল্য বাড়ে নাই কার?
এ সময়ে বউয়ের মেজাজ বেড়েছে
এমনকি বাড়িওয়ালা গর্জন ছেড়েছে
পথে-ঘাটে মৌমাছির মতো ভিক্ষুকে ঘিরে ধরে-
কিছু না দিলে বড্ড নোংরা খোঁচা মারে
চতুর্দিকে কেবলই মূল্যের গরম
মেজাজের ওম!
ইদানিং দেখি নেতারও মূল্য বেড়েছে; কম কথা বলে
মুড অফ থাকে, বাঁকা চোখে দেখে, এড়িয়ে চলে
মূল্য বেড়ে গেছে সবকিছুর, সকলের
মূল্য কমে গেছে ব্যাপক হারে শুধুই মানুষের;
কারো সাথে নয়, সে এখন কেবলই রাস্তার ‘কারো’ সাথে তুল্য
বিপুল হারে কমে গেছে আজ কেবলই জীবনের মূল্য
দিকেদিকে। সকলের জীবন যেন বন্দী এক যাদুকরী ‘শূন্য’র হাতে
জানিনা কে কখন নিঃশব্দে মিশে যাবে এক বৈরি হাওয়ার সাথে
সহসাই। এই শনিযোগে
কে আর বলো স্বেচ্ছায় ভোগে
জীবনের ঘাটাঘাটে? হালকা মানিব্যাগ নিয়ে সাহসে আর কুলায় না
সবদিকে যেতে, তাই ভুল করেও সবদিকে যাই না
কেননা, ইচ্ছা থাকলেও তো আর যাওয়া যায় না
কাকে বলবো, কী-বা বলবো, কার আছে বলো দায়!
শুধু অবাক সংসার! অবাক করলে আমায়!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)