![]()
তুমি আমার মিতা, আমি তোমার মিতা
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
বিধাতার রায়ে যা ঘটার, ঘটে গেছে,
কত কিছুই হারিয়ে গেছে সময়ের স্রোতে ।
বর্তমানকে সত্য বলে মেনে নেওয়াই ভালো,
আর কী হবে… অতীত-প্রদীপের আলো!
ফিরে তাকানোর নেই তো কোনো প্রয়োজন,
যে পথ হারিয়েছে, সে পথ আজ বিস্মরণ।
তবু কেন জানি… নিঝুম রাতে,
অতীত দাঁড়ায় আমার দুয়ারে এসে।
আমি যে আবেগী,
বড় দুর্বল চিত্তের মানুষ,
স্মৃতির কাছে আজও—
হার মানে আমার সমস্ত সাহস।
নিঃসঙ্গতা নিঃশব্দে জড়িয়ে ধরে,
কত না-বলা কথা শব্দ হয়ে ওঠে অন্তরে।
সেই কথাগুলোই সাজাই শব্দের মালায়,
বিষাদ নামে অশ্রুভেজা কাব্যছায়ায়।
জানি না, এ লেখা কবিতা, নাকি মনের ক্ষত,
নাকি হারিয়ে যাওয়া সময়ের কিছু খণ্ডচিত্র!
তোমাকে দিতে চাইনি এই শব্দের উপহার,
পুরোনো স্মৃতির মনিহার— শুধুই আমার।
তুমি ভালো থেকো,
সুখে থেকো, এইটুকুই চাই,
আমার লেখা পড়ে
তোমার মনে কষ্ট জাগুক— চাই না।
যদি কোনোদিন —
পড়েই ফেলো অজান্তে আমার লেখা,
লেখকের পরিচয় খুঁজতে যেয়ো না,
মনের মাঝে কোনো প্রশ্ন রেখো না।
কে লিখেছে, কেন লিখেছে—
ভেবো না একবারও,
সব কথার পেছনে
থাকে না পরিচয়ের অধিকার।
কোনো দাবি নেই,
নেই অভিমানের হিসাব,
নেই ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা,
নেই কোনো জবাব।
আমার গল্পে তোমার সুখটুকু
কখনো ম্লান হয়ে না যাক।
শুধু এই পরিচয়টুকু থাকুক—
তুমি আমার মিতা, আমি তোমার মিতা।
এর বেশি কিছু নয়,
এইটুকুই চিরদিন থাক।
এইটুকুই চিরদিন থাক…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)