![]()
পুরুষ ও পুরুষ খেজুরগাছ
কলমে — সুব্রত পণ্ডিত
আলো পুরুষকে ছোঁয়,
কিন্তু পোড়ায় না কখনো—
ছায়াও থাকে দূরে দূরে,
তাই পুরুষ এখনও একলা।
পুরুষ– দেশি খেজুর গাছের মতো,
দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে—
জল–সার কেউ দেয় না;
তার ডগায় কুঁড়ি আসে,
তবু তা কোনোদিন ফল হওয়ার অনুমতি পায় না।
কেউ জিজ্ঞেস করে না—
“তুমি কেমন আছো?”
কেউ থামে না এক মুহূর্ত
তার চোখের গভীর ক্লান্তি দেখতে।
সে থাকে— শুধু থাকে—
নিঃশব্দ, নির্জন,
প্রয়োজনহীন এক এলাকায়।
বুকের ভেতর শূন্যতার বাতাস বয়ে যায়,
হাড়ে হাড়ে জমে ওঠে
অকথিত অভিমানের ধুলো।
সে কথা বলতে পারে না,
পারেও না থামাতে কারো হাত;
তার কাজ শুধু দেওয়া—
দিতে দিতে শুকিয়ে যাওয়া।
পুরুষের ক্লান্তি, অসুস্থতা,
অসহায় রাতের লুকোনো কান্না—
কেউ শোনে না, কেউ বোঝেও না।
সমাজ তাকে দেখে শুধু
প্রয়োজনের একটি নাম বলে।
শূন্যতা আর একাকীত্ব,
চাহিদার চাপ, দায়িত্বের বোঝা—
প্রতিদিন নিংড়ে নেয় তার রস।
শেষ হতে হতে
মাটির দিকে ঝুঁকে আসে—
তবু বলতে পারে না
তার ব্যথার গল্পটা—
বলবার নেই; করারও নেই কিছু।
কারো কাছে সে আশ্রয় নয়,
কারো কাছে সে প্রশ্ন নয়—
শুধু প্রয়োজনের সময়ে
দরকারি একটি নাম।
শুধু দরকারি একটি নাম।
আজও আকাশের দিকে তাকিয়ে আছে
পুরুষ ও পুরুষ খেজুরগাছটা—
ছাড়ে… একটি দীর্ঘ নিঃশ্বাস।
ছাড়ে… একটি দীর্ঘ নিঃশ্বাস।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)