![]()
সাধনায় মিতা Sadhonay Mita
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
মিতা যেন—
মেঘের ফাঁকে আটকে থাকা
একখণ্ড নীল আকাশের ব্যথা।
আবার—
বৃষ্টিভেজা দুপুরে
হঠাৎ মনে পড়া
কোনো পুরোনো কথা।
জানালার কাঁচে
বৃষ্টি ছলাৎ ছলাৎ,
ধারে দাঁড়িয়ে মিতা—
ফোঁটা গুনছে—
এক… দুই… তিন…
মিতা কি তবে
মেঘের মিতা?
নাকি বৃষ্টির
গোপন গীতা?
নাকি স্মৃতির ভাঁজে
লুকিয়ে থাকা
কোনো অভিমান?
নাকি—
ভেজা বিকেলজুড়ে
চুপটি করে বসে থাকা
একখানা কবিতা?
বৃষ্টি বলছে—
“থামব না আজ!”
মিতা বলছে—
“লাগছে লাজ!”
আমি বলি—
বৃষ্টি থামুক,
ভাবনা আমার
একটু কমুক।
নিম্নচাপের বৃষ্টি যত,
মিতার কথা তত শত!
এই বৃষ্টিতেও
তুমি যেন—
শীতের উঠোনে
দাঁড়িয়ে থাকা
একটুকরো রোদ।
বাইরে শুধু বাউল ডাক,
ভেতরে তোমার আনাগোনা—
কী এক অদৃশ্য টান,
এক ব্যাকুল আরাধনা—
যার কোনো ঠিকানা নেই,
নেই কোনো শেষ সীমানা।
মিতাই যেন
আমার সাধনার
শেষ কথা,
আর প্রতিটি সাধনায়—
জন্ম নেয়
নতুন কবিতা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)