![]()
কবিতা:- লজ্জা !
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ০৯-১১-২০২৪
কুকুরের পাশে শুয়ে
ফুটপাথে বেড়ে ওঠে –
ফেলে যাওয়া মানুষের বাচ্চা ।
শিল্পীর তুলি আঁকে
জীবনের জলছবি –
পচে যাওয়া সমাজের কেচ্ছা ।
লজ্জা – কি নিদারুণ লজ্জা !
চোখের জলেতে আজও
কাপ প্লেট ধুয়ে চলে –
চায়ের দোকানে কত বাচ্চা ।
একবেলা ভাত আর
সামান্য মাইনেতে –
লজ্জা ঢাকার নেই সজ্জা ।
ক্ষয়ে যাওয়া সমাজের লজ্জা !
আজও দেখি ডাষ্টবিনে
খাবারের কাড়াকাড়ি –
মানুষ আর শুয়োরের বাচ্চা ।
তবুও স্বাধীন মোরা
দেশ নাকি এগিয়েছে –
মানতেই হবে সব সাচ্চা ।
হায়রে – কি নিদারুণ লজ্জা !!
বিশ্বানন্দ চ্যাটার্জী।
(কপিরাইট সংরক্ষিত)
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
যে কোন মন্তব্য সাদরে গ্রহন যোগ্য।