![]()
দৃশ্যমান ক্ষেত্রে বস্তুগত আমরা একেবারে অদৃশ্যমান,
একেবারে নিশ্চুপ; নিস্তব্ধতায় পেরেশান…
অথচ ক্ষেত্রের অদৃশ্যমান বর্ধিষ্ণু এ্যানেক্সে চলছে সমবেত আমাদের
কেবলই এক দৌড়- শ্বাসঘন সুপার দৌড় বলা যায় যাদের…
এ যেন চরৈবেতি জীবনের শাশ্বত ছকে কেবলই
এক উপরি ছক; আর কী বলি?
শুধুই এক প্রাপ্তির জন্য ছোটা; কী তার আকার-বিকার
কী তার আকৃতি-প্রকৃতি কিছুই কি তার
জানি আমরা? জানি- তা তো জানা নাই।
আবার এই দৌড় থেকে যা কিছু পাই,
তা কি আমাদের প্রাপ্তির আকার বাড়ায়!
আসলে আমাদের কোন প্রাপ্তি কেবলই অপ্রাপ্তির সীমানাকে নাড়ায়-
কেবলই প্রসারিত করে
দূর থেকে আরও দূরে…
তবে আমরা আঁধার চাই না, আঁধার মানে শূন্যকরণ-
মানে কিছুই না; আমাদের চাওয়ার মরণ…
আমরা আসলে সেই আলো-মুখ, আগুন-মুখ পতঙ্গের মতন-
কেবলই ছোট থেকে বড়র দিকে টানে,
পারলে আমরা ছুটে যাই সোম-রবির পানে…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)