এক ফোঁটা শিশিরবিন্দু Ek Phonta Shishirbindu

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এক ফোঁটা শিশিরবিন্দু
Ek Phonta Shishirbindu
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

ঘাসের বুকে মুক্তোর মালা,
পাতার কোলে মণির দানা,
মনে হয় যেন প্রকৃতি নিজেই
কেঁদে লিখেছে প্রেমের ঠিকানা।

প্রথম আলোয় তোমার হাসি,
ভোরের বুকে বিষাদ মাখা,
যেন কোনো অভিমানিনী
অশ্রু লুকিয়ে রাখে একা।

যদি তুমি অশ্রু হও কারও,
তবে বলো, সে কাঁদে কার তরে?
কোন সে মানুষ, যার না-পাওয়া
তোমায় ঝরায় ঘাসের পরে?

তুমি শরতের না হেমন্তের,
তুমি কি শুধু নয়নের জল?
নাকি কোনো বিরহিণীর
বুকের গোপন অভিমানের সম্বল?

নিশীথ রাতের নিঝুম বুকে
কার স্মৃতিতে তোমার জাগরণ?
কোন হারানো ভালোবাসার
অশ্রুতে তোমার এমন সৃজন?

তুমি কি সেই চিঠির অক্ষর,
যা লেখা হয়েও পাঠানো হয়নি?
তুমি কি সেই মনের কথা,
যা মুখ ফুটে বলা হয়নি?

তুমি কি কোনো অপেক্ষার রাত,
জানালায় চেয়ে থাকা চোখ?
নাকি প্রিয়জন ফিরে না আসায়
বালিশে জমে থাকা শোক?

তুমি প্রতি ভোরে আসো,
হারাও আবার আলোর টানে,
কত বিচ্ছেদের গল্প লিখে
যাও প্রকৃতির সবুজ গানে।

শরৎ তোমায় সাজায় বুঝি
কাশফুলেরই শুভ্রতায়,
হেমন্ত তোমায় বুকে রাখে
কুয়াশা মাখা নীরবতায়।

তুমি কি শুধু প্রকৃতির মায়া,
নাকি কারও ভালোবাসার সিন্ধু?

বলো, বলো—
তুমি শরতের না হেমন্তের,
কার অশ্রুর নীরব প্রতিধ্বনি—
প্রকৃতির বুকে ঝরে পড়া
এক ফোঁটা শিশিরবিন্দু।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 162Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted