![]()
নকশায় নকশা
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (প্রথম খণ্ড)
নকশা গুলো নকল হোক বা আসল—
“নকশায় নকশা” তৈরি হচ্ছে অহরহ, অবিরত।
নকশা করে সবাই।
নীল-নকশায় কেউ জীবন গড়ে,
কেউ নকশার ফাঁদে হয়ে পড়ে বিব্রত।
সম্পত্তির নকশার গরমিলে গণ্ডগোল,
মামলা-মোকদ্দমার নকশা চলে—
রায়ের নকশা দেয় কোর্ট বা কাচারি।
কত সাধনায়, কত জ্ঞানে সমৃদ্ধ বিজ্ঞান—
প্রতিটি নকশাতে লুকিয়ে থাকে
কত সূক্ষ্ম জ্ঞানের বাহাদুরি।
দুর্ঘটনায় দেহের অঙ্গ-প্রত্যঙ্গের নকশা বদলে যায়,
ঘটনাক্রমে জড়িয়ে থাকে যত বিপত্তি।
নাশকতার নকশা বানচাল হলেই মঙ্গল—
বেঁচে যাবে মূল্যবান সব জীবন, সম্পদ, সম্পত্তি।
চিত্রকরের নকশাতে কারিগরির বাহাদুরি—
জাদুকরী কেরামতিতে মুগ্ধ হয় চোখ, শান্তি পায় মন।
মনের নকশা আঁকতে গিয়ে আঁকি হিজিবিজি—
শেষে ডিগবাজি; খুঁজি— কে পর, কে আপন।
সরল রেখায় আঁকা আছে তন–মন, বিনা বাঁধন—
তবু অকারণেই ছিন্নভিন্ন হয় আপনজন।
নকশার গরিমায় নানান স্থাপত্য, স্মৃতি–সৌধ—
আজও দাঁড়িয়ে, দিয়ে চলেছে সাফল্য বিতরণ।
বিচরণে বিলম্ব না করেই ভ্রমণপিপাসুরা
দলে দলে, কোলাহলে, তলে তলে এগিয়ে চলেছে।
মুগ্ধ হয়ে কেউ দেখছে, কেউ ছবি তুলছে—
নকশার আলোচনায় নকশার কথা কেউ বলছে।
নকশা আঁকা আছে ছকে ছকে—
নকশাতেই লুকিয়ে সব নীতি;
একটি ভুলে বিশ্বের নকশা মুছে যেতেও পারে।
মোছা যায় না কিছু নকশা—
চোখের তামাশায় কত নকশা উঠে পড়ে,
ছুটে বেড়ায়; পরে খেয়াল পড়ে।
এগিয়ে আসছে নকশা তৈরির প্রতিযোগিতা—
প্রতিযোগিতার জন্য প্রস্তুত সম্পূর্ণ নিখুঁত নকশা।
দেহের নকশা করেই স্মরণীয়-বরণীয়
অলৌকিক ক্ষমতাবান মহাশয়—
কর্মে লুকিয়ে দিয়েছে নকশার তামাশা।
নিত্যদিন নিথর নকশাতে নকশা এঁকে যাই;
চলার পথে সবাই করে একটি ভালো নকশার প্রত্যাশা।
ভালো নকশা দিয়েই জীবন বাঁধবে—
নকশার মতো বাঁধানো জীবন হবে;
এটাই জীবনের আশা-ভরসা।
জীবন-নকশা বানাতে ধূলি দিয়ে তুলি চালায় মরণ—
স্বপ্ন-সমাধানে নকশায় চলে বাতাসের যাওয়া–আসা।
কত নকশায় সেজে ওঠে ঘর—
উঠোনে নকশা আঁকে এক মনে লীলা-খেলা;
আজ আনমনা মনে নেই কোনো হতাশা।
আমার জীবন-খাতার পাতায় পাতায় এঁকে দিও—
ভালোলাগার, ভালোবাসার একটি ভালো নকশা।
সেই নকশাতে চিকচিক করে চমকাবে—
বিবেক, সচেতনে চনমনে বিবেচনা,
জনমনে বিশ্বাসের আশা-ভরসা।
বিশ্বের অপরূপ শোভায় মুগ্ধ—
প্রকৃতির বিস্ময়-নকশা আঁকি দুচোখে;
বিনিময় হবে শুধু ভালোবাসা।
শুধু ভালোবাসা… শু-ধু ভালোবাসা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)