অর্পিতা এখন কোথায়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

৭ বছর আগে দেখি তোমায় অর্পিতা,
ক্লান্ত দিনের শেষে ধুলো মাখা রোদে অফিস ফিরতে,
বর্ষার বিকেল বলে চারপাশে ভিজে হয়ে আছে ,
সম্মুখে পথ আগলে একটা অতিকায় অশথ গাছ,
নিচে তার ঘনায়মান স্যাঁতসেতে অন্ধকার,
দূরে আকাশ ঘিরে বাদলের অধিবাস,
ভাঙা জানলার গরাদ ঠেলে তোমায় দেখি – তুমি দাঁড়িয়ে আছ।

আমি অবাক হয়ে দেখতে থাকি,
এই জীর্ণ ঘর আমার দেশ,
সমাজের খাতায় আমি নিরুদ্দেশ,
কতদিন পথে এ পা চলেনি ,
হঠাৎ তোমার পায়ে চোখ গেল – নিটোল ,নিখুঁত রঞ্জিত নখ।
আমার কেঠো দুটো হাত গরাদগুলোকে জড়িয়ে আছে,
তোমার হাত দুটো গোলাপি,
মনিবন্ধে দুটো চুড়ি যেন পদ্মরেনু ।

তোমার হাত ঘড়িতে কত প্রহর?
আমার সময় থমকে গেছে চৌকাঠে,
তোমার বিনুনিটা বড্ড অধীর,
কোমরে আছড়ে পরছে কতবার,
আমার রুক্ষ মাথার কেশ তামার শলা।

তোমার দৃষ্টি তো চঞ্চল ,
কিসের প্রতীক্ষা- দুচোখে খুঁজছ কাকে,
মন খারাপের ভাষা ওই ঠোঁটে,
চারি দিক ভিজে আছে-শুধু উষ্ণ তোমার বক্ষ,
পরনে নকশিকাথার শাড়ি আবরণে ব্যর্থ,
আমার ভেতরটা তোলপাড়,অশ্লীল শব্দে ডাকব নাকি ?

দূর থেকে কাছে যন্ত্রশকট এল,
ওহঃ এই বুঝি চৌকিদার ,
কত ভাগ্য জয়ের পর পেয়েছে তোমায় পুরস্কার,
পৌরুষ তার হাতিয়ার,
কটাক্ষ হেনে অভিবাদন জানালে ,
আমার দৃষ্টি কি ধূসর?প্রতিপক্ষের মুখ দেখতে অক্ষম ?
তোমাকে ছিনিয়ে নিল ,
নাকি তুমি তাকে করলে আলিঙ্গন।

সহসা আকাশ কালো হয়ে এল,
আবার ভিজবে অর্পিতা ,
না সে নেই ……সঙ্গী তাকেই নিয়ে গেছে,
আমি হাত বাড়ালাম আমার সঙ্গীর দিকে-দুটো নিষ্প্রাণ কাঠের পা।

0

Publication author

0
এ যে সুরের ভাষা, ছন্দের ভাষা, প্রানের ভাষা, আনন্দের ভাষা
Comments: 0Publics: 13Registration: 19-09-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।