![]()
ইতিহাসের উল্টোরথ
একদিন নিশ্চয়ই
ইতিহাসের পাতায় কালি উল্টে যাবে—
রক্তের দাগকে বলা হবে কৌশল,
ঘাতকের মুখে ঝুলবে মুক্তির মুকুট।
তখন বলা হবে,
পর্দার আড়ালেই জন্ম নিয়েছিল স্বাধীনতা,
বাঙ্কারের বদলে বৈঠকখানা,
বুলেটের বদলে ফতোয়া—
এইসবেই ছিল বিজয়ের ধারাপাত!
মূল নায়কের নাম উচ্চারিত হবে
নীরব আর আরামদায়ক স্বরে।
চারপাশে চার খলিফা—
যারা আগুন দেখেনি,
কখনো শোনেনি “জয় বাংলা”র গর্জন,
কিন্তু দাবি করবে বিজয়ের মানচিত্র।
শহীদের লাশ তখন হবে ফুটনোট,
মায়ের কান্না হবে সম্পাদনার ভুল,
ত্রিশ লক্ষ নেমে যাবে তিন হাজারে,
দু’লক্ষ সম্ভ্রম ঠেকবে মামুলির খাতায়
আর পাকিতন্ত্রের দেশপ্রেম
রূপ নেবে কৃতিত্বের অলংকারে।
এই উল্টোরথি ইতিহাসে
সূর্য উঠবে পশ্চিমে,
অন্ধকার হবে জয়বাংলা,
আর সত্য হবে—
সবচেয়ে বিপজ্জনক অপরাধ।
যুদ্ধাপরাধ মুছে যাবে ইতিহাস
বিকৃতির চলমান ধারাবাহিকতায়।
তবু জানো,
আমজনতার দল
আশায় বুক বেঁধে থাকবে যেন—
মাটি সব মনে রাখে।
রক্ত মুছে ফেললেও
মাটির স্মৃতি মুছে যায় না
এই বিশ্বাসে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)