![]()
এসো মা লক্ষ্মী বসো ঘরে
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
লক্ষ্মীপুজোর সন্ধ্যা নামে,
আলোর মালা উঠোনে থামে।
মায়ের আগমনে আনন্দ ঘিরে,
ধানের শিষ দোলে হাওয়ার তোড়ে।
আলপনা আঁকা দুয়ারে দুয়ারে,
আলো জ্বলে ঘরের ভেতরে।
আলতা সিন্দুর অক্ষয় করে,
“এসো মা লক্ষ্মী, বসো ঘরে”।
খই-মুড়কি আর নারকেল নাড়ু,
ভক্তির ডালি দিয়ে সাজানো থালা,
মা আসার আশায় দু’চোখ মেলে
অপেক্ষাতে প্রতি ঘরের প্রতি বালা।
কেউ চায় সম্পদ, কেউ চায় মান,
কেউ চায় ভরে উঠুক গোলার ধান।
কেউ বা চায় ছানাপানার খানা,
সুখ পাখি আনন্দে মেলুক ডানা।
শুধু সোনার থালা
ভরিয়ে দিতে এসো না,
অন্ন দিও ক্ষুধার্তের মুখে,
দুঃখীর চোখে জল আর রেখো না।
যে ঘরে থাকে মায়া-মমতা,
যে ঘরে নেই হিংসার বাস,
সেই ঘরেই মা লক্ষ্মী আসেন,
ছড়িয়ে দিয়ে আশার সুবাস।
“এসো মা লক্ষ্মী, বসো ঘরে,”
বাংলা গানটি বাজে বারে বারে।
ধূপ-ধূনো জ্বলে, মনও জ্বলে,
ভক্তি জাগে সবার অন্তরে।
শস্য ভরাও মাঠের বুকে,
প্রতিটি সংসার গড়াক সুখে।
স্বপ্ন জাগুক ভালোবাসায়,
মানুষ বাঁচুক মানুষের আশায়।
শঙ্খ বাজিয়ে—
বরণ করব তোমারে,
শুধু পুজোর একটি রাতে নয়,
প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালব তোমার তরে।
তোমার আলো ছড়িয়ে পড়ুক
বাংলার প্রতিটি প্রান্তরে প্রান্তরে,
শান্তি, প্রেম আর সমৃদ্ধি জাগুক
প্রতিটি হৃদ যন্ত্রের অভ্যন্তরে।
তোমার আগমনের হাতছানি
ধান শিষের রকমারি তোড়া বুনি
আনন্দে—
ভোরে শঙ্খের ধ্বনি গুলো গুনি।
এসো মা লক্ষ্মী, বসো সবার ঘরে,
থেকো সারা বছর আমারও ঘরে।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)