![]()
কবি ও তা
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— শূন্যর শূন্যস্থান (প্রথম খণ্ড)
কবির ‘ক’ বিড়বিড় করে, যাই তাই,
সাঁই সাঁই এগিয়ে চলে ‘তা’।
তালে বেতালে ধেই ধেই করে ‘বি’,
‘ক’, ‘তা’, ‘বি’ সাজালেই— কবিতা।
‘র’ জমে ক্ষীর হলেই
জমে কবির কবিতা,
ছন্দ থাকলে— নয় মন্দ।
নানান প্রেক্ষাপটের নানা দ্বন্দ্ব,
নানা ভাবে ভরাট হয় খানাখন্দ।
কবিতার সংজ্ঞা— সরল, কবি তরল,
পাঠকের পাত্রে পায় অভিনন্দন।
সানন্দে নির্মল বাতাস বয় সৃষ্টিতে,
বৃষ্টি হলেই গড়ায় ভীষণ আনন্দ।
আনন্দে কবিতার জন্ম,
বিষাদেও কবিতার জন্ম,
মন ভালো রাখতে
কবিতা— অগ্রগণ্য।
দুঃখী কবি, সুখী কবি—
কবিতায় সুর দিলে কত কিছু,
সামাজিক সংস্কারে—
কবিতা ধন্য, ধন্য।
কলমের বিকল্প আছে,
তবে কলমকারের—
কোনো বিকল্পই বিকল্প নয়
আকন্দ-ই মহানন্দ।
মহা আনন্দের মিছিল,
কবিতার মিছিল,
শুধু মনে
সৃষ্টির আনন্দ— আর আনন্দ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)