শখের নারী কখনোই ভালো থাকতে দেয় না- এফ. আর. মাহদী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শুরুর দিকে ওকে মনে হয়েছিল নদীর মতো।
নরম, শান্ত, শব্দহীন।
হয়তো খুব গভীর,
কিন্তু যে তীরগুলো ভেঙে দেয়,
সেগুলোর আর্তনাদ কেউ শোনে না।
তাকে ভালোবেসেছিলাম একেবারে অলীক কল্পনায় ভেসে।
মনে হয়েছিল, এ যেন এক অন্য রকম মানুষ,
যাকে পাওয়া মানে নিজেকে খুঁজে পাওয়া।
ভুল ছিল।
সে ছিল এক শখ-
অথচ আমি বানিয়ে ফেলেছিলাম ধর্ম।
শখের নারীরা সুন্দর হয়,
অবিনশ্বর হয়ে ওঠে চোখে।
তারা কল্পনার মতো নিখুঁত,
আর বাস্তবের মতো নির্মম।
তাকে ভালোবাসা মানে ছিল-
প্রতিদিন নিজের কিছুটা মরে যাওয়া।
নিজেকে ভুলে তার সব পছন্দ হয়ে যাওয়া।
তার পায়ের শব্দে জেগে উঠা,
তার চুপ করে থাকার ভেতরে শব্দ খোঁজা।
সে চায়, তুমি তার দিকে চেয়ে থাকো-চুপচাপ।
সে চায়, তুমি হেসে যাও যখন সে চায়।
সে চায়, তুমি ভেঙে পড়ো, কিন্তু কাঁদো না।
কারণ তার চোখ জল দেখে না।
সে শুধু দেখে তুমি তার পায়ে বসে আছো কিনা।
একসময় বুঝেছিলাম-
এই ভালোবাসা একটা ধ্বংসযজ্ঞ।
সে কেবল ছিঁড়ে ফেলে।

তোমার পুরোনো ‘আমি’টাকে চিবিয়ে ফেলে দেয়-
তবু তুমি তাকেই ভালোবাসো।
কারণ সে শখ।
আর শখের জিনিস আমরা কখনো যুক্তি দিয়ে বিচার করি না।
সে চলে গেলে, জীবন হালকা হয়নি-
বরং কেমন বোঝা বেড়ে গেছে।
কারণ তুমি বুঝতে পারো, তুমি এখনো ওর অপেক্ষায়।
সে আর আসবে না জেনেও অপেক্ষায়।
ওকে নিয়ে কোনোদিন সংসারের স্বপ্ন দেখিনি।
আমি শুধু চাইতাম, সে পাশে থাকুক।
নাম না থাকা প্রেমের মতো,
কোনো সংজ্ঞাহীন চুম্বনের মতো,
যেটার পেছনে যুক্তি নেই, কারণ নেই, ভবিষ্যৎ নেই।
সে হাসলে মনে হতো, পৃথিবীতে যুদ্ধ থেমে গেছে।
আর সে চুপ করলেই মনে হতো,
আমার ভেতর একটা কিছু চিরতরে নিভে গেল।
সে কখনোই ভালো থাকতে দেয় না।
কারণ সে জানে, ভালোবাসা মানে দুর্বলতা।
সে সে রকমই ছিল-
তোমাকে ভালোবেসে ধ্বংস করে দেবে,
কিন্তু নিজে থাকবে অটল, কঠিন, স্পষ্ট।
সে এসে সবকিছু এলোমেলো করে দিতো।
তার ফোনের একেকটা রিংটোন মানে
তোমার রক্তচাপ বদলে যাওয়া।
তার “আজ কথা বলবো না” মানে
তোমার পুরো রাত ভেঙে চুরমার।
তাকে ঘিরে যত গান লিখেছি-সব বেদনার।
তাকে নিয়ে যত ছবি এঁকেছি-সব অন্ধকার।
তাকে নিয়ে যত গল্প বলেছি বন্ধুদের-সব অসমাপ্ত।
শেষমেষ একদিন সে বলে দিলো,
“তোমার মতো মানুষকে আমি কল্পনায় ভালোবাসি,
বাস্তবে না।”
আর তুমি বসে থাকলে একা,
একটা কল্পনার দাস হয়ে।
শখের নারী-তাকে পাওয়া যায় না।
আর যদি পাও, সে ভালো থাকতে দেয় না।
তাকে ভালোবাসা মানে
নিজেকে ছোট করা, ধ্বংস করা,
তাকে উপরে তোলা,
নিজেকে প্রতিদিন প্রশ্নবিদ্ধ করা।
তুমি জিজ্ঞেস করো, “তুমি কি আমায় ভালোবাসো?”
সে হাসে।
কারণ সে জানে,
তোমার ভালোবাসা তাকে প্রয়োজন নেই।
তাকে প্রয়োজন-তুমি ভালোবাসো কিনা সেটা জানার আনন্দ।
সে নিজের মতো চলে যায়।
তোমার চিঠি পড়ে না।
তোমার মেসেজে সিন করে রাখে।
তোমার স্বপ্নে মাঝে মাঝে আসে-
কিন্তু জেগে ওঠার পর, তুমি শুধু ঘাম পাও আর শূন্যতা।
সে ছিল শখ।
আর শখের নারী কখনোই ভালো থাকতে দেয় না।
সে তোমার মধ্যরাতের ঘুম কেড়ে নেয়,
সে তোমার ধৈর্য ভাঙে,
সে তোমার প্রেমে ঈর্ষা ঢালে,
সে চলে যায়,
আর রেখে যায় তোমাকে-
একটা অব্যক্ত কবিতা হয়ে।
তাকে আমি এখনো ভালোবাসি না,
কারণ আমি এখন আর “ভালো” নেই।
শুধু বেঁচে আছি,
সে না থাকলেও
সে আমাকে ভালো থাকতে দেয়নি,
আর আমি-ভালো থাকা ভুলে গেছি।

0

Publication author

0
গ্রামীণ নীরবতার মধ্যে বড় হওয়া এক চিন্তাশীল মন, আমি শব্দে খুঁজি জীবন ও মানুষের গভীরতা।
Comments: 0Publics: 1Registration: 10-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।