![]()
শিরোনাম:- চল্ না রে মন
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ১৪/০২/২০২৫
চল্ না রে মন ভীড় ছাড়িয়ে
দুরে কোথাও যাই ।
শহর ছেড়ে – সবুজ গ্রামের
মাঠের পানে ধাই ।
শহর জুড়ে – ভীড়ের মাঝে
বাতাসে বিষের ধোঁয়া –
ব্যাস্ত জীবন – উন্মনা মন
চায় যে খুশির ছোঁয়া !
দিগন্ত পারে – যেখানে ওই
আকাশ চূমিছে মাটি –
সেখানে ওই সবুজ ঘাসে
চল্ না – একটু হাঁটি ।
চোখ ধাঁধানো সরষে ক্ষেতে
হলুদ ফুলের মায়া –
দিঘীর জলে – পথের ধারে
বুড়ো বটের ছায়া ।
ছায়ায় মায়ায় মাখামাখি
নীল – সবুজের মাঝে –
পেঁজা তুলো মেঘ ভেসে যায়
মন ছোটে তার পিছে ।
চল্ না রে মন – বেরিয়ে পড়ি
ফাগুন এলো ওই –
নীল সবুজের সমারোহে
আমিও রঙিন হই !!
( কপিরাইট সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)