![]()
প্রিয় কদম ফুল
কলমে—সুব্রত পন্ডিত
বর্ষার প্রথম স্পর্শে,
যখন আকাশ ভাঙল অঝোর ধারায়,
তুমি এলে ধরণীর বুকে,
একরাশ হলুদ-সাদা রঙের মায়ায়।
তুমি তো নও কোনো দামি রত্ন,
নও কোনো বাগানের রাজকীয় ফুল,
তবু তোমার ওই ছোট্ট গোলক ধাঁধায়,
মন হারাতে করে না কেউ ভুল।
পাতার আড়ালে লুকিয়ে থাকা,
শত শত রূপালী কদম কলি,
যেন মেঘের ডাকে জেগে ওঠে,
বলতে মনের গোপন কথাগুলি।
রাধিকার সেই চেনা কদমতলা,
আর কৃষ্ণের বাঁশির সুর,
তোমার সুবাসে আজও ভাসে,
স্মৃতিগুলো হয় না কভু দূর।
হে বর্ষার চিরন্তন উপহার,
তুমিই তো প্রকৃতির শ্রেষ্ঠ দান,
রাধা-কৃষ্ণের রূপের অর্ঘ্যে,
জুড়িয়ে যায় ব্যাকুল এ প্রাণ।
বৃষ্টি শেষে ঝরে পড়লেও
থাকে তোমার মায়াবী সেই ভুল,
হৃদয়ে চিরদিন ফুটে থেকো—
মেঘের কোলে সোনার দুল,
—প্রিয় কদম ফুল।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)