![]()
বঁধু
হাকিকুর রহমান
ভরিয়া গাগরী, চলিছে নাগরী
গাঁয়ের ঐ মেঠো পথে,
পলকে চাহিয়া, কি সুরে গাহিয়া
ছলকিয়া যায় বটে।
সেতো সুহাসিনী, সুরেতে রাগিনী
মৃদু পায়ে হেঁটে যায়,
কোন সে অধরা, যেন মধুকরা
আঁড়ে আঁড়ে ফিরে চায়।
ও যে মোহিনী, তবে অভাগিনী
কাল কাটে বসুধায়,
নাহি আকাঙ্খা, শুধুই প্রতীক্ষা
ধরাধামের বালুকায়।
এমনি করিয়া, জীবন ধরিয়া
চলে লয়ে মনে কত কথা,
বুঝিবে কে তাহা, রাখিয়াছে যাহা
না বলা হৃদয়েরো ব্যথা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)