![]()
কবিতা:- বন্ধু
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ১৭-০৯-২০২৪
ইচ্ছে করে আজকে শুধুই
কথার ছবি আঁকি –
ইচ্ছে করে আজকে না হয়
বন্ধুর সাথে থাকি ।
আর দেবো না ” আড়ি “রে ভাই
থাকবে শুধুই ” ভাব ” –
আয় না মোরা বদলে ফেলি
” আড়ি-র” বদ স্বভাব ।
শুরু টা নয় আমরা করি
দেখুক সবাই এসে –
কেমন করে বদল আসে
ভালোবাসার দেশে ।
বন্ধু – সে তো টাটকা বাতাস
প্রাণে ফাগুন হাওয়া –
বন্ধু মানে হইচই আর
চড়ুইভাতি খাওয়া ।
বন্ধু পেলে দল বেঁধে সব
উধাও হয়ে যাওয়া –
দিঘীর জলে সবাই মিলে
জল ছিটিয়ে নাওয়া ।
বন্ধু মানেই “চল্ পাগলা ”
গাজন তলার মেলা –
বন্ধু মানেই মন খুশিতে
হাসির তুফান তোলা ।
বন্ধু মানে বিকেল হলেই
” খেলবি-ই “বলে ডাকা –
বন্ধু মানেই মন খারাপে
” আমি তো আছি “-র থাকা ।
বন্ধু মানেই অটুট শপথ
রইবে না ছলাকলা –
বন্ধু মানেই বিশ্বাস আর
একসাথে পথ চলা ।।
( কপিরাইট সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
পাঠক বন্ধুর মন্তব্য চাই।