![]()
আমি বেশ জানি আজ আমার শেষ মন খারাপের দিন
কেননা, আমি আজ শেষদফা অপমানের বিষে একেবারে লীন
হয়ে গেছি; সমাজের চোখে, পারিপার্শ্বের কাছে আরেক দফা ছোট হয়েছি
আরও একটু! হয়তবা আজ বরাবরের মতো দূরে সরে গিয়েছি
আমার আহত ক্ষত-বিক্ষত স্বপ্ন থেকে। আমার কি খুব কষ্ট হচ্ছে?
অহমবোধের আগায় কি খুব চোট লেগেছে?
-হয়ত কষ্ট হচ্ছে! হয়তবা ভীষণ চোট লেগেছে!
‘হয়ত’ বললাম, কারণ আমিতো নিশ্চিতভাবে জানিনা-
আমার সেই মন, সেই হৃদয় এখনও কিছুটা অবশিষ্ট আছে কিনা;
তেত্রিশ বছরের সুদীর্ঘ বন্চনার, পীড়নের সুউচ্চ পাহাড়ের নীচে হায়!
কবে তারা হয়ত সুনিশ্চিত ফসিলদশায়
পতিত হয়েছে নীরবে। জানি, আর বড়জোর নব্বই দিন এই টেবিল-চেয়ার,
এই হাজিরাশীট, এই সুশীতল এয়ার
আমাকে বড্ড সাংকেতিকভাবে ভ্রূকুটি করবে
জানি, সর্বংসহার মতো করে সবই সহ্য করতে হবে
আর এখানকার এই মিথষ্ক্রিয়া আসরের টক্সিক হাওয়ায়
প্রতিদিন একটু একটু করে আমায়
ছোট হতে হবে বাহিরে ভেতরে,
একটু একটু করে যেতে হবে দূরে সরে,
আর সংকুচিত হতে হবে ঠিক যেন ক্ষুধার্ত কোন জোঁকের মতো করে
অতঃপর ‘মিডিওক্রিয়া ফার্মা’ প্লাকার্ড-বুকে
কিছুই না-থাকার নির্ভেজাল এক সুখে
খুব সহসাই একদিন প্রতিদিনের জনস্রোতে হতে হবে বিলীন
কেননা, আজই তো আমার শেষ মন খারাপের দিন।
(ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪)
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)