সংগ্রামের নাম কৌশল্যা (Sangramer Nam Kousallya)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সংগ্রামের নাম কৌশল্যা
কলমে — সুব্রত পণ্ডিত

ভোরের আগে শব্দহীন এক ছায়া,
বিছানায় লেপ্টে থাকা কৌশল্যা—
চোখ মেলে দেখে নিজের বিধ্বস্ত সকাল,
মাথায় যেন দিন-রাত কুড়ানো ক্লান্তির জঞ্জাল।

রাত ১২ বা ১টায় ঘুমালেও
৪:৩০-এ তার ঘুম ভেঙে যায়—
মনে হয় জীবনটা যেন
সময় নামক চাকার নিচে পিষ্ট হয়ে রয়।

রান্নাঘরের আলো জ্বলে—
বেঁচে থাকা ভাত-ডাল গরম হয়,
উনুনে বসে আলু-ডিমের সেদ্ধ।
এক শরীরে দশ নারীর মতো
কৌশল্যা ছুটে চলে
দায়িত্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

তারপর আয়নায় নিজের মুখ দেখে,—
ধ্বংসস্তূপের ওপর
লাল লিপস্টিক দিয়ে- একটুখানি রাঙায়
নতুন ভরসার রেখা।
গোগ্রাসে কিছু মুখে তুলে, শাড়িটা শরীরে জড়িয়ে
চেয়ে দেখে ঝাঁঝরা করা সকাল—
বিড়বিড় করে নিজেকেই বলে,
“ভয় পাস না…
একদিন সব ঠিক হবে—
এটাই আশা।”

কাঁধে ব্যাগ, হাতে টিফিন—
বাইরে তখনো ঠিকমতো আলো ফোটেনি।
তবু কৌশল্যা জানে,
আজকের লড়াই তাকে জয় করতেই হবে।
কারণ ধ্বংসের ভেতর থেকেও
সৃষ্টি সম্ভব—
এ সত্য সে প্রতিদিন
নিজের হাসি দিয়ে প্রমাণ করে।

দরজা ঠেলে বের হতে হতে
সে মৃদু হাসে—
হাসিটা যেন শুকনো পাতার ওপর
ঝড়ের পর টিকে থাকা
শেষ রোদের দাগ।

বিধ্বস্ত সকালের কৌশল্যা—
সারাদিন দপ দপ করে জ্বলে,
ব্যস্ত তার হাত, ক্লান্ত তার পা।
গভীর রাতে শব্দহীন নিস্তব্ধতায়
বিছানায় লেপ্টে থাকা সেই ছায়াটা
ধীরে ফিসফিস করে বলে—
সংগ্রামের নাম কৌশল্যা।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।