![]()
কবিতা:- সুখের অসুখ
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ০৮-১১-২০২৪
জীবন জুড়ে দুঃখ কেবল
সুখ তো অল্প সল্প –
টাকা হ’লেও যায় না কেনা
সুখ যে কষ্টকল্প !
সুখ হ’ল এক অচিন পাখি
মনের আকাশ জুড়ে –
ধরতে গেলে দেয় না ধরা
পালায় ফুড়ুৎ করে !
দুঃখ তখন মুচকি হেসে
আপন মনে ভাবে –
মানুষ গুলো ভীষণ বোকা
সত্য বুঝবে কবে ?
যেমন করে সলতে পুড়ে
প্রদীপ খানি জ্বলে –
দুঃখের রাত পেরিয়ে তবে
সুখের ভোর মেলে ।
সুখের খোঁজে যতই ছোটো
ছোটাই হবে সার –
জীবন পথে বিছিয়ে আছে
দুঃখের কাঁটাতার !!
( কপিরাইট সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)