![]()
কাটালের ঘ্রাণে, স্বপ্নের বাগানে
ঘুম নেই আজ রাতে।
কুহু কুহু সুরে বাগান জুড়ে
সুরেলা পাখি উঠেছে মেতে।
কাকেরা ডাকে, মৌমাছি হেঁকে
মধু টানে তৃপ্তির সাথে।
ঝিঁঝির তানে গান গায় ব্যাঙও
নিশ্চুপ সবাই একসাথে।
পাখিরা গায়, জোনাকেরা যায়
মিটিমিটি ছন্দের সাথে।
চন্দ্রিমা হাসে, সিতারা ভাসে
উল্কা খসে পড়ে ফসলের ক্ষেতে।
হাসে জোছনা, নেই উপমা
রেখেছি স্মৃতিতে গেঁথে।
বাগানের পাশে ভরা নদী খেলে
কলকল উঠেছে নেচে।
আটরঙা সুরে হুতুম ডাকে
চমকায় পথ যেতে যেতে।
হৃদয় জুড়ে ছবি আঁকে
প্রকৃতিমা উল্লাসে মেতে।
বাগানের রূপ যেন নিশ্চুপ
কুহেলি-মাখা শৈত্যপ্রভাতে।
বাগানের স্মৃতি, এ যে মহাকীর্তি
লিখেছি যে অন্তর-ইতিহাসে।
বন-বিছুটি হাসে কিটিকিটি
নিত্য দোলে বায়ু-সঞ্চালনে।
কাটালের বাগানে ঘুমঘুমনয়নে
রাত কাটে শয়নে স্বপনে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)