![]()
কোনো এক আশ্চর্য বিকেলে না ঘুমিয়ে দেখা স্বপ্নটি ক্ষতিকারক হতে পারে—
যদি আমরা কার্মেল বাই দ্য সি এর পথ ধরে হাটতে গিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যাই,
তারপর হঠাত যেদিন দেখা হবে—আমাদের চোখগুলো শুধু কথা বলবে,
অথচ আমাদের কেউই বাকশক্তিহীন হয়ে জন্মাই নি।
নিজেদের অতীতকে আমরা পার্স ব্যাগে আগলে কিংবা কুশপুত্তলিকার মতো জ্বালিয়ে দিতে পারি—
তবে এতে গণতন্ত্র বিরোধিতা করতে পারে যেহেতু আগুন নরকের প্রথম সফলতা,
ক্যাফে টেরেসের এর কথা নিশ্চয় মনে আছে—
যেখানে প্রথমবার আমাদের আসবার কথা ছিলো,
রাস্তায় ম্যাগনোলিয়া ফুলের ক্রশবিদ্ধ লাশ পড়ে থাকার দৃশ্যে—
সম্ভ্রান্ত পিস্তলকে আমার খুব ভয় হয়,
এবং ভ্যান গগের কথা মনে হলে নিজেকে আততায়ী ভাবতে শুরু করি।
সমুদ্রের তীরে একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা সম্পর্কে শিরোনাম নির্ধারণ করা হোক—
মাছেদের বুকের পাথর আজকাল মানুষের বুকে পাওয়া যাচ্ছে,
আর সাঁতার কাটবার সময়ে তারা মেঘ হতে চায়.
শাদা মেঘগুলো যেমন শরতের গভীরে ডুবে থাকে—
আমার চোখের ভেতর তেমনি ক্রমশ ডুবে যাচ্ছো তুমি,
সেখানে ক্রমাগত জল সরিয়ে আরও গভীর জলে নেমে যাই আমরা—
কাধের খুব কাছ দিয়ে দীর্ঘশ্বাস বয়ে যাবার পরও দ্যাখা না হবার কারণ সম্পর্কে
হয়তো কিছু আবিষ্কার করতে পারবো,কিংবা নিষ্ফল সব প্রশ্নের হাহাকার কতটা আহত করে।
যে জাহাজ যত্ন করে ভাসায় সে জাহাজ ডুবিয়েও মারতে পারে,
মূলত তোমার চলে যাওয়া ছিলো—জীবনে প্রবল ঝড় নেমে আসার পূর্বাভাস।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)