![]()
হয়তো বলার সময় থাকবে না
কলমে— সুব্রত পণ্ডিত
যে শব্দ—
শোনা যায় না কানে,
দেখা যায় না চোখে,
তবুও তার প্রতিধ্বনি থাকে
মানুষের বুকে।
কেউ সংসারের বোঝা টানে,
কেউ টানে নিজের ক্ষত,
কেউ ভাঙা বুক নিয়ে হাসে—
যেন কিছুই হয়নি গত।
কেউ যদি কাছে আসে—
তাকে ফিরিয়ে দিও না,
কেউ যদি কাঁদে সামনে—
“দুর্বল” বলে হেসো না।
তুমি তো জানোই না—
কত যুদ্ধ শেষে
সে দাঁড়িয়ে আছে তোমার সামনে,
কতবার ভেঙে পড়েও
নিজেকে জোড়া দিয়েছে গোপনে।
মৃত দেহ কাঁদে না, হাসে না,
অভিযোগও করে না—
অভিযোগ শুধু জীবিত মানুষের,
তাদের ব্যথা কেউ শুনতেই চায় না।
আজ এসো,
মানুষের পাশে মানুষ হই,
অন্ধকারে একটু আলো জ্বালি,
কারও চোখের জল মুছে দিয়ে
একটি জীবন নতুন করে গড়ি।
শুধু শোক নয়—
জীবিতের কান্না শুনি,
চোখের ভাষা পড়ে,
মানুষকে মানুষ বলে ভালোবাসি।
আজ যে মানুষটা হাসছে,
কাল সে-ই হয়তো থাকবে না—
তাই ভালোবাসার কথাটা আজই বলি,
কাল হয়তো বলার সময় থাকবে না।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)