![]()
চিঠি তোমার নামে
কলমে— সুব্রত পন্ডিত
তোমার ওই চিবুকের কোণে
জমা হওয়া একলা আকাশ,
যেখানে মেঘ জমলে পরে
আমার উঠোনে নামে দীর্ঘশ্বাস।
তাই তোমায় চিঠি লিখছি—
কাগজের বুকে নয়,
রক্তাভ চেতনার শেষ সীমান্তে দাঁড়িয়ে।
তুমি চেয়েছিলে একমুঠো রোদ
আর কিছু পরিচিত কোলাহল,
আমি বদলে দিতে চেয়েছিলাম
তোমার আদিম ভূগোল।
অথচ দেখো,
আমাদের মাঝখানে
জেগে উঠেছে এক বিস্তীর্ণ ইতিহাস,
অচেনা শব্দের পাহাড় আর ঝর্ণা।
চেতনা আসলে এক তীব্র আয়না,
সেখানে দাঁড়ালে
লুকানো কোনো ক্ষতকে
আর লুকানো যায় না।
আমি সেই আরশিতে
রোজ তোমাকে দেখি,
আর নিজের অজান্তেই
এক নিষিদ্ধ কবিতার অবয়ব আঁকি।
যদি কোনোদিন ফুরিয়ে যায়
এই চেনা পৃথিবীর আলো,
যদি মনে হয়,
কেউ বাসেনি তোমায় ভালো।
তবে খুলে দেখো এই হৃদয়ের বন্ধ খাম,
যেখানে প্রতিটি নিঃশ্বাসে
আজও লেখা আছে
শুধু তোমারই নাম।
শুধু তোমারই নাম…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)