![]()
অনুদান আসবে না
Onudan Ashbe Na
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা,
মাইকে মাইকে ঘোষণা—
গরিবদের নতুন জামা দেওয়া হবে,
হাসি ফোটানোই তাদের পণ।
কী মহৎ উদ্যোগ!
কী অপূর্ব আয়োজন!
কিন্তু তার আগে চাই
ক্যামেরা, ব্যানার, প্রচারের কাহন।
চাই কিছু আবেগঘন ছবি,
কিছু মুহূর্তের নীরবতা,
কিছু অশ্রুসজল মুখ।
আর সামাজিক মাধ্যমে
ছড়িয়ে দেওয়ার মতো
হৃদয়বিদারক সুখ!
অতি উৎসাহী একদল
মানুষের দরজায়
বিনীত কণ্ঠে হাত পেতে বলে—
“দান দিন, পুরোনো জামাকাপড় দিন,
গরিবের মুখে হাসি ফোটাতে চাই।”
আলমারি থেকে বেরিয়ে আসে
বাতিল পোশাকের স্তূপ—
যে জামায় আর মন ওঠে না,
যে কাপড়ের আর প্রয়োজন নেই,
সেই অবহেলিত বস্ত্রই
হয়ে ওঠে পরোপকারের রূপ।
তারপর শুরু হয় মহোৎসব—
দানের ছবি, হাসির ছবি,
জামা হাতে পাওয়া শিশুর ছবি,
মায়ের আঁচলে মুখ লুকোনো
অশ্রুভেজা মুখের ছবি।
ক্যামেরার সামনে দাঁড় করিয়ে
একটু হাসতে বলা হয়,
যে হাসি ক্ষুধা চেনে,
যে হাসি অভাব বোঝে।
যে হাসির আড়ালে লুকিয়ে
সারা বছরের কান্না—
সেই হাসিটুকুও আজ
প্রচারের বিজ্ঞাপন!
সমাজেরই স্বচ্ছ আয়না।
তবু এ দান মহৎ,
এ সেবা অমূল্য,
কারও শীতের রাতে
এক টুকরো উষ্ণতা,
কারও মুখে উৎসবের হাসি—
আমরাও চোখের জলে,
দুঃখ-কষ্টেও
সাফল্যের ছবিতে ভাসি—
হায় রে মানবতা!
এক মুঠো সহানুভূতির জন্য
আজ স্পনসর লাগে।
আগেভাগে সেবার নেশায়
দরদী সাজার বাসনা জাগে।
হায় মানবতা!
দরিদ্রের দুঃখ এখন
সবার প্রচারের পুঁজি,
তাদের চোখের জল—
দেখিয়ে সাফল্যের ছবি খুঁজি।
এসব না করতে পারলে
সহানুভূতি জোটে না।
সংস্থার অস্তিত্বও
বেশিদিন টেকে না।
অনুদান আসে না…
অনুদান আসবে না!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)