![]()
আন্তরিক আন্তরিকতা
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — শূন্যের শূন্যস্থান (প্রথম খণ্ড)
অবসরে মাঝে মাঝে, একটু-আধটু শখের বসে
এটা-ওটা ভালো-মন্দ লিখতে মন চায়।
আবার ভাবি, এতো লেখার মাঝে—
না লিখলে “কার-ই বা” এসে যায়!
শিক্ষানবিশের সমাবর্তনে প্রথমেই চাই না পতন,
প্রত্যাখ্যানের প্রত্যাশায় পরিণতি আজ পুরাতন।
ধানের-চালের সঠিক হিসাব সবার জানা,
তবু যতনে আজও মন খোঁজে অমূল্য রতন।
অনেক মনের অনেক ভাবধারা—
ভালো লাগা, ভালো না লাগা—
একান্ত ব্যক্তিগত ব্যাপার।
পরিস্থিতির প্রেক্ষাপটে–
খারাপ-ভালো মতামত প্রকাশের
অধিকার অবশ্যই আছে সবার।
নানা সময়ে–
নানা ধরনের নানা অবস্থান অবশ্যম্ভাবী,
অবশ্যই আছে অবস্থার পরিবর্তন।
প্রতি পরিস্থিতিতেই বলি—
“ভালো আছি, ভালো থেকো।”
চাই শুধু একটু আন্তরিক মূল্যায়ন।
সম্মানে সমীহ, ভালো কাজে উৎসাহ দেওয়া—
শুধু মহৎ দান নয়, মহান কর্মও বটে।
প্রিয়জন খুবই প্রয়োজন,
তাইতো ভালোবাসার তরে…
ভালো মানুষের কাছে সবাই ছোটে।
আড্ডার সঙ্গী আমি,
সঙ্গে থেকেও সঙ্গ দেব না—
এই হীনমন্যতা ভালো নয় কোনোভাবেই।
অতি স্বার্থপর,
লোভী, ধান্দাবাজ শ্রেণি আমরা—
বিবর্ণ বিবরণ! ধিক্ আমাদের বিলাসিতা।
আন্তরিক আমরা, সবার পাশে সবাই আছি—
বুঝাবো কী করে?
বাতাস বইছে বিপরীতে, তাই বিষণ্ণতা।
ভুলে গেছি—
সময় বের করে….
প্রিয়জনদের সঠিক সঙ্গত দেওয়ার সাহসিকতাই হলো আসলে—
আন্তরিক আন্তরিকতা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)