![]()
চার-চারটি ইথারিয় ভ্রমণ-শেষে
অতঃপর আমি কবি তোমার দুয়ারে এসে
পৌঁছলাম। অনন্ত খরা বুকে, শুধু অপেক্ষা, অনিশ্চিত মেনে,
এতকাল শুধু বৃষ্টি ও বজ্রের জন্যে…
আজ শুধু চোরাকারবারির মতো করে
তোমারই নির্যসটুকু দুকরতলে ভরে
ধ্যান-মগ্ন কবি এক, আত্মস্থ করবো বলে
অবশেষে তোমারই দুয়ারে পেতেছি আস্তানা কবিতার ছলে…
অথচ এত সহজে তুমি রাজনীতিকের ন্যায়
মুখ ফিরালে আজ কবি ও কবিতার গন্ধ থেকে, হায়!
এতবড় বিষ্ময় জগতে আর কী আছে বলো শুনি-
জানি, তুমিই পারবে হতে আজ কবি ও কবিতার খুনি;
পারবে সার্জনের আঙ্গুল দিয়ে খুলে খুলে নিতে
কবিতার পাঁপড়িগুলি আমার, আর ছুঁড়ে ছুঁড়ে দিতে
চারিদিকে আজব অবহেলায়। জানি-এতদিনে বদলে গেছে সকলের মন,
আমাদের প্রিয় সমাজ-রতন,
বাণিজ্যিক হাসি, কান্নার জল
হয়তবা বদলে গেছে আগা-গোড়া কবিতার আদল
বড়বেশি গোপনে গোপনে…
কিন্তু তুমি এতবেশি বাণিজ্যিক হয়ে গেছ আজ মননে ও উচ্চারণে
বিভ্রান্ত কবির এতো জানা ছিল না,
তাইতো আজ আর, তুমিযোগে কবিতার অশ্বমেধ যজ্ঞ হলো না…
অবশেষে তাই, বিস্মিত কবি এই ধূসর কালে
একটি রাতেই ইতিহাস হয়ে গেল; কবিতারা ভেসে গেল রূপসার ঘোলাজলে,
আর দগ্ধ কবি ধূয়া হয়ে ভেসে যায়
কসবী রাতের কুয়াসার ডানায় ডানায়…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)