![]()
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে তখন দেবে মোর হাত দুটো বেঁধে।
এতদিনের যে লেখালেখি মোর,
সবই হবে ব্যর্থ।
মৃত্যু, তুমি পারবে না কোনো মানে খুঁজতে—
ঠিক যেমন জগতের মানুষেরা বিফল হয়েছে বুঝতে।
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে তখন ধরবে মোর গলাটা চেপে।
এতদিনের গলা খুলে গাওয়া গান মোর,
সবই হবে ব্যর্থ।
মৃত্যু, তুমি পারবে না মোর সুরে সুর মেলাতে—
ঠিক যেমন জগতের মানুষেরা বিফল হয়েছে মেলাতে।
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে তখন ঢাকবে মোর চোখ দুটো—এক্কেবারে মেপে, একটুও ফাঁক না রেখে।
এত দিনের দেখা যত ভালো কিছু মোর,
সবই হবে ব্যর্থ।
মৃত্যু, তুমি নিজেও পারবে না ভালো আর দেখতে—
ঠিক যেমন জগতের মানুষরা বিফল হচ্ছে দেখতে।
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে তখন বসবে আমার মাথাটা আঁকড়ে।
এত দিনের ভালো সব ভাবনা মোর,
সবই হবে ব্যর্থ।
মৃত্যু, তুমি পারবে না আমার মতো পাহাড়সমান ভাবনা ভাবতে—
ঠিক যেমন জগতের মানুষেরা, অর্জন করতে সবকিছু মেরে দিয়ে, নিজের ইচ্ছা-আকাঙ্ক্ষা থেকে যায় সমতলেই।
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে তখন দেবে মোর রক্তস্রোত থামিয়ে।
এতদিনের জমা যত ভালোবাসা মোর,
সবই হবে ব্যর্থ।
মৃত্যু, তুমি পারবে না হৃদয়ের সেই স্পন্দন শুনতে—
ঠিক যেমন জগতের মানুষেরা বিফল হয়েছে শুনতে।
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে তখন দেবে মোর কানদুটো রুদ্ধ করে।
এতদিনের শোনা যত নীরবতার কথা মোর,
সবই হবে ব্যর্থ।
মৃত্যু, তুমি পারবে না আমার সেই নীরব শব্দ শুনতে—
ঠিক যেমন জগতের মানুষেরা বিফল হয়েছে শুনতে।
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে তখন দেবে মোর পা দুটো অবশ করে।
এত দিনের চেনা যত পথ মোর,
সবই হবে ব্যর্থ।
মৃত্যু, তুমি পারবে না আমার গন্তব্যের দিশা পেতে—
ঠিক যেমন জগতের মানুষেরা বিফল হয়েছে পেতে।
যখন মৃত্যু অবশেষে আমায় নেবে খুঁজে,
সে হাসবে আমায় জয় করার চরম সুখে।
কিন্তু মোর প্রতিটি কথা ও সুর হবে অমর।
মৃত্যু, তুমি পারবে না আমায় সম্পূর্ণ মুছে দিতে—
ঠিক যেমন জগতের মানুষেরা বিফল হয়েছে দিতে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)