![]()
সুস্মিতা Susmita
কলমে— সুব্রত পণ্ডিত
সু, শ্রী, অশ্রু আর স্মিতের
সবচেয়ে সুন্দর উপমায় গড়া—
সুস্মিতা।
জমিদার বাড়ির উঠোনে,
শিউলির মতো কোমল,
নদীর মতো উচ্ছল—
হাসি মুখে হু হু করে
বেড়ে ওঠা এক মেয়ে।
ভাবত—
জীবন যেন চিরকাল
উৎসবেরই আরেক নাম।
তারপর কালের নিয়মে বিয়ে।
স্বামী—
সরকারি বড় চাকরিজীবী।
কাজের চাপে
ব্যস্ততাই ছিল
তার নিত্যসঙ্গী।
যে মেয়েটি
হো হো করে পৃথিবী মাতিয়ে রাখত,
সে একদিন
চার দেওয়ালের ভেতর
নিজের সঙ্গেই
দিন কাটাতে শিখল।
একাকীত্ব বড় নিষ্ঠুর।
কখনো কখনো
মানুষকে এমন পথে নিয়ে যায়,
যেখানে আলো কম,
অনুতাপ বেশি।
ভুল সিদ্ধান্তের মূল্য
সে দিয়েছে চোখের জলে।
ভেঙেছে বিশ্বাস,
ভেঙেছে নিজেরই স্বপ্ন।
তবু
ঝড়ে ভেঙে পড়া ডালেও
আবার নতুন কুঁড়ি ফোটে।
সে খুঁজেছে
একটু ভরসা,
একটি হাত—
যে হাত টেনে তুলতে জানে।
ধীরে ধীরে
আবার নিজেকে গড়েছে।
অন্ধকার পেরিয়ে
আলোয় ফিরেছে।
মুখ তুলে
হেঁটে চলেছে সে।
এই তার পরিচয়— সুস্মিতা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)