![]()
স্বপ্নের দোরগোড়ায়
কলমে — সুব্রত পণ্ডিত
সবাই স্বপ্ন দেখে—
ধনী, গরিব, মধ্যবিত্ত,
মনে ভিন্ন ভিন্ন আশা।
মেঘের মতো হালকা, ভোরের মতো উজ্জ্বল—
চোখ খুঁজে স্বপ্ন–সত্যির রঙিন নকশা।
কারো স্বপ্ন—
কুয়াশার ভোরের মতো
দেখার আগেই মিলিয়ে যায়।
কারো স্বপ্নের কুঁড়ি
জল না পেয়ে দিনে দিনে শুকিয়ে ঠায়।
কারো স্বপ্ন—
ভাঙা দাঁড়িপাল্লা;
এক ওজন মাপে বারবার।
কারো অন্ধকারে রাখা ভাঙা প্রদীপ—
যতই জ্বালায়,
শিখা টলে পড়ে বারংবার।
আমার স্বপ্নগুলো—
শুকনো পাতার মতো—
হাওয়া লাগলেই ঝরে পড়ে মাটিতে।
আর নরম পাতার মতো
ভেঙে ভেঙে জমা হয় বুকের ভেতরে।
তবে রূপোর থালায় সাজানো নয়,
নেই রোদে গড়া সোনার দোলনার আদর।
জলহীন পদ্মের মতো
ফুটতে চেয়েও
শুকিয়ে কমে যায় কদর।
মরুভূমির নদীর মতো পথ খুঁজি—
খুঁজতে খুঁজতেই শুকিয়ে যাই,
হয়েও গভীর।
কাঁটাতারের বেড়া—
আকাশ ঠিক সামনেই,
তবু হাত বাড়ালেই রক্ত লাগে।
শেষ উপমা—
ভাঙা স্বপ্নের বুকেই
জীবনটা ধুকধুক করে জাগে।
সাধনা ছাই হয়েও—
গোপনে কোথাও—
এক চিলতে আগুনে বেঁচে আছি স্বমহিমায়।
ধনী, গরিব, মধ্যবিত্ত—আর আমি—
দীপশিখার ধোঁয়া;
বারবার গড়ি নতুন রূপে।
আবার হারাই—
ছোঁয়ার আগেই উড়ে যাই—
স্বপ্নের দোরগোড়ায়।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)