![]()
আশা করেছিলাম ডাকবে
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
আশা করেছিলাম ডাকবে,
বলবে— “কী গো, আসবে না?
অনেক দিন তো দেখা হয়নি,
এবার একটু দেখা করো!”
তুমি ডাকোনি—
সেটাই শুধু কষ্ট নয়,
আঘাত।
ভালোই হলো…
তুমি জানতেই পারলে না—
তোমার একটা ডাকের অপেক্ষায়
কারও গোটা সময়টা কেটে গেল।
অথচ তোমার মনে তার
একবারও জায়গা হলো না!
তোমাকে দোষ দেব না,
ভালোবাসা তো দাবি নয়।
তবু একটা প্রশ্ন
বুকের মধ্যে রক্তাক্ত হয়ে রয়—
আমি কি এতটাই পর হয়ে গেলাম,
পুজোয় একবার ডাকতেও
মনে পড়ল না তোমার?
তোমার প্রতিটা নীরবতায়
তোমার না-লেখা
কথাগুলো পড়ে নিলাম।
একটা ডাকের আশায়
কত আনন্দ সরিয়ে রেখেছিলাম!
অপেক্ষায়—
কত সন্ধে পার করে দিলাম।
তোমার সঙ্গ দেব বলে
কত স্বপ্ন সাজিয়েছিলাম।
রাখা ছিল কিছু সময়,
কিছু কথা, কিছু না-বলা ব্যথা,
ভেবেছিলাম, দেখা হলে বলব—
আনন্দে…
লাল হয়ে উঠেছে সবার মুখ,
শুধু আমার কপালে জমে আছে
অপেক্ষার এক অদ্ভুত অসুখ।
আমি ফিরব সেই ঘরে,
যেখানে অপেক্ষা ছাড়া
আমার জন্য কিছুই পড়ে নেই।
কাউকে নিজের করে চাইলেই
সে যে আপন হবে—
এমন কথা কোথাও লেখা নেই।
শুধু আমার অপেক্ষাটা
কোন ক্যালেন্ডারে লেখা থাকবে বলো?
ভালোয় থেকো…
আমি না হয় রইলাম একরাশ শূন্যতা নিয়ে।
আশা করেছিলাম ডাকবে…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)