![]()
একটু আদর দিও
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
মেঘের বুকে
জল জমলেও বৃষ্টি নামে না রোজ,
কাজল পরে
আমি করি নিরন্তর মনের খোঁজ।
আমি তো—
বেশ আকাশটাকে নীলের চাদর পরাই,
অন্তরে—
সাতটি রঙের স্বপ্ন বুনে রংধনুতে হারাই।
কলম যখন কাগজ ছোঁয়,
শব্দেরা সব জাগে,
সমালোচক
রায় শুনিয়ে দেয় কথার আগে।
স্বপ্ন দেখার অধিকারেও
আজ নেমে আসে অবরোধ,
তবু—
অসম্ভবের বুকে আঁকি সম্ভাবনার প্রভাত।
মনের তানপুরাতে স্বপ্নের সুরে জাগি।
চমকহারা নতুন ভাষার আশায় বাঁধন ভাঙি।
শেষ বিকেলের অলক্ত মেঘে
আঁকি ঝরনা নদী,
নদীর বুকে নৌকো ভাসাই,
হবে কি তুমি সাথী?
বসবে নাকি পাশে আমার,
শুনবে মনের কথা?
শাসন করবো, বকবো তোমায়,
তবু রেখো না ব্যথা।
ভুল ধরো,
তবু হাতটা রেখো আমার হাতের পরে,
একটু স্নেহ জড়িয়ে—
মমতা ভরিয়ে দিও শব্দহীন আদরে।
সাহসটুকু নিয়ে
আমার যত কথার গায়ে হাত বুলিয়ে দিও,
তিরস্কার নয়, অবজ্ঞা নয়—
শুধু একটু আদর দিও।
শুধু একটু আদর দিও…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)