![]()
বুল্বুলিতে ধান খেয়েছে,
মাছরাঙাতে মাছ
বাবুইপাখি বোনে বাসা
ময়ূর করে নাচ।
কাক শুধু কা-কা করে,
কোকিল গায় গান
শকুন বাছে উকুন খালি,
চড়াই করে চান।
বাজপাখিকে দেখলে পরে,
ইদুরছানা ভয়ে মরে,
রক্ত হয় যে হিম;
হাঁস বলেছে রোব্বারেতে
পাড়বে না সে ডিম।
চিলের ধান্দা খারাপ ভারি,
মারতে জানে ছোঁ
শালিক পাখি কি-ই বা পারে
ফোলায় শুধু রোঁ
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
ঠাট্টা করে সবাই,
ফিসটি হলে মুরগিগুলোর
হয় যে শুধু জবাই।
রাত নিঝুম হলে পরে,
পেঁচা জেগে ওঠে,
লঙ্কার বীজ লেগে আছে টিয়াপাখির ঠোঁটে
কাঠ-ঠোকরা ঠোকরায় কাঠ
ঠকঠকাঠক করে
চিঠি নিয়ে যেতে হবে,
পায়রা ওঠে ভোরে
তোমরা বল সারস পাখির
গলা কেন সরু
শকুনের শাপে কখনও কি
মারা যায় গোরু?
বলতো দেখি কন পাখিটা
বাদ পড়ে গেল ?
ছড়াটা কি হল আমার
একটু এলোমেলো ?
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)