![]()
অর্ঘ্যে—কদম ফুল
Arghye—Kodom Phool
কলমে—সুব্রত পন্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (দ্বিতীয় খণ্ড)
আহা! কদমতলে কদমের ফুল ছিন্নভিন্ন,
কদমের ডালে ডালে কদমফুল পরিপূর্ণ।
বৃক্ষের ফুটন্ত ফুলে পাখি আর অলি,
নিচে পড়ন্ত ফুল খেয়ে
গবাদি করে উদর নিবারণ।
কদমফুলের আভরণে আছে
প্রিয় ফুল ফোটার কারণ—
এটা খুবই প্রয়োজন, চলে আমরণ।
খেলার ছলে কদমফুল এ হাত-ও-হাত করি,
ফুল ও রেণুর তুলতুলে স্পর্শে মন ভরি।
হাসতে হাসতে অজান্তে—
কেন জানি না—
সুবাস নিতে ফুলকে নাকের কাছে ধরি।
বিনোদনে প্রেম, নিবেদনে কদমফুল,
কখনো কখনো
আলতোভাবে শরীরে ছুঁড়ে মারি।
একান্তে কদমতলায় কিছু ভাবি—
গ্রাম্য সরল রাখালের হাসি,
হয়তো বাঁশির সুরও আছে ওতে।
গোল-গোল হলুদ-সাদা ফুলে
হালকা সোনালি আভা—
এক সুবর্ণ শোভা সবুজের জগতে।
রোদ-বৃষ্টির মাখামাখি, মেঘের আনাগোনা—
মেঘের কাছে সূর্যের দম্ভ এখন অনেক চূর্ণ।
ঝিরিঝিরি বৃষ্টি আর শান্ত সূর্যকিরণ,
উঁচু ডালে কদমফুলের কাছে অন্য ফুল বিবর্ণ।
আজ কদমফুলই উপহার দিলাম তোমায়।
সৌরভে, গৌরবে তুমি-ই একান্ত আপন।
কদম আজ ভাবের ঘোরে,
পুজোর তরে পূর্ণ ফুলগুলি করছে ছিন্নছিন্ন—
খুঁজছে আপন।
সম্পর্ক পূর্ণ, চাওয়া-পাওয়া অপূর্ণ,
শেষের শেষে শুধুই শূন্য;
পাপ-পুণ্যে জীবন সম্পূর্ণ।
অর্ঘ্যের কদম, কদমের অর্ঘ্য—
নিবেদন করে প্রেম।
কদমফুলে, কদমতলেই হোক
বৃত্ত সম্পূর্ণ।
লীলায় ননীচোর, সখা—
কি অপরূপ শোভা তোমার!
দিলাম অর্ঘ্য—
কদমফুল ও কদমফুলের চূর্ণ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)