![]()
ঝাপসা
কলমে — সুব্রত পন্ডিত
ঝাপসা শব্দটা যেন জীবনেরই আয়না—
কখনো চোখের জল,
কখনো চোখের জলে ধুয়ে যাওয়া বিকেল,
কখনো ক্লান্ত দুপুরের আলো।
কখনো ভুলে যাওয়ার ভিড়ে
হারিয়ে যাওয়া কোনো মুখ।
কখনো রাতভর না-ঘুমোনো অশান্তি,
কখনো ভুল করতে করতে ক্লান্ত হয়ে পড়া মন।
কখনো প্রেমের আলো-আঁধারি, দুষ্টু-মিষ্টি বায়না।
হঠাৎ ফুটে ওঠা রংধনু—
মনের ভিতর জমিয়ে রাখা কিছু স্বপ্ন,
যেগুলো নাম ধরে ডাকত আমাকে,
এখন শুধু
ভাঙা বাতাসের মতো হালকা।
যে হাত একদিন বুকের কাছে ধরে রেখেছিল,
আজ দূরের চাঁদের মতো
শুধু আলোর দাগ রেখে চলে যায়, চলে যায়।
যে দরজায় দাঁড়িয়ে ছিলাম বছরজুড়ে,
একটুখানি পদধ্বনির আশায়,
হঠাৎ দেখি—অপেক্ষাটাই
ধুলো জমে ফিকে হয়ে গেছে।
শেষ বিকেলে
ঝাপসা হয় কথাগুলো—
মুছে যাওয়া উপমার ছেঁড়া পাতাতেও
নিঃশব্দে, ধীরে ক্ষীণ সাহস জন্ম দেয়।
তবুও চোখের সামনে
পৃথিবী ফিকে হয়ে যেতে শুরু করে,
শোনা যায় অস্পষ্ট শব্দ—
বয়ে চলে শব্দের রেখা।
ভেতরের ভাঙনে সবকিছু হয়ে ওঠে—ঝাপসা।
শেষে শুধুই ঝাপসা…
ঝাপসা… ঝাপসা…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)