মন রে ও মন Mon Re O Mon

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মন রে ও মন
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

মন রে ও মন,
তোর ঢং দেখলে মরে যাই,
কখনো হাসিস, কখনো কাঁদিস,
বুঝব তোকে কীভাবে ভাই!

কখনো আকাশ ছুঁতে চাস,
কখনো মাটির কোলে,
কখনো আবার স্বপ্ন বুনিস,
আপন আপন খেয়াল-ছলে।

কখনো তুই নদীর স্রোতে
ভাসিস উদাস মনে,
কখনো আবার ঝড় তুলিস
এক নিমেষের ক্ষণে।

কখনো বলিস, সব পেয়েছি,
জীবনে এসেছে ভীষণ সুখ,
পরক্ষণেই মেঘ জমিয়ে
ঢাকিস হাসির মিষ্টি মুখ।

কখনো তুই প্রেমে পাগল,
চাঁদকে বলিস সাথি,
কখনো আবার বিরহ নিয়ে
কাটাস নিশি রাতি।

কখনো আপনটাকেই
করিস পরের মতো,
কখনো—
তারই একটু হাসি চাস যে অবিরত।

মন রে ও মন,
তোর খেয়ালের নেইকো কোনো শেষ,
কখনো আপন, কখনো পর
কী অদ্ভুত টক-ঝাল-নোনতা পরিবেশ!

মাঝে মাঝে যা পেয়েছিস তা ফেলে,
তুই দৌড়ে যাস— যা নেই তারই পিছু,
সুখের মাঝে দুঃখ খুঁজিস,
বুঝিস না তখন কোনো কিছু!

কখনো বলিস,
ছেড়ে যাবি সব মায়ারই বাঁধন,
পরক্ষণেই আঁকড়ে ধরিস
নতুন পুরোনো সেই স্বপন।

নিজের কাছে নিজেই তুই
কত রকমের ছল,
কখনো শান্ত, কখনো অশান্ত,
কখনো কচু পাতার উপর টলমলে জল।

তবু তোকে ছাড়া—
আমার চলে না একটি ক্ষণ,
তুই যে আমার হাসি-কান্না,
তুই যে আমার মন।

তোর পাগলামি—
বুকে নিয়ে পথ চলছি এই,
মন রে ও মন,
তোর ঢং দেখলে মরে যাই!

তোর ঢং দেখলে মরে যাই…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 157Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted