![]()
মরণের সাথে প্রেম করতে চাই
কলমে— সুব্রত পণ্ডিত
জীবনটাকে দেখছি
ঘুরিয়ে ফিরিয়ে,
একদিন ক্লান্ত হয়ে
পথের শেষে দাঁড়াবো ধীরে।
শুরুর আলোয় হেসে
শেষের মধ্যেও খুঁজে পাই,
জীবনকে ভালোবেসে—
মরণের সাথে প্রেম করতে চাই।
আমার যত পাওয়া-না-পাওয়া
রাখবো তারই কাছে গুটি গুটি,
জীবনের সব হিসাব চুকিয়ে—
চাই ছুটি, ছুটি চাই,
জীবন থেকে একদিন ছুটি।
ভোরের শেষ রোদটুকু
দু’হাত মেলে হাসে,
জীবন প্রার্থনা সারে
শেষ ঠিকানায় বসে।
মরণ, তুমি তো শেষ নও—
জীবনের শেষ দরজাটুকু,
তার ওপারে কী আছে,
তা জানি না কেউ।
নিশ্চয়ই—
হিসাবগুলো আছে খাতায়,
ওপারে মিলিয়ে দেখব
সেই হিসাবের পাতায়।
মরণ, তুমি এসো শেষে,
জীবনের সব গল্প করবো
তোমার সাথে আড্ডায় বসে।
আমি এসেছি ভালোবাসার টানে,
লেখা কবিতাগুলি আছে প্রাণে।
যদি চাও, আবৃত্তি করে শোনাবো,
আর যদি চাও গান—
তবে এই কবিতাগুলোই
গানের মোড়কে নতুন করে লিখব।
নতুন জীবনের গান গাইবো,
তবে পুরোনো সঙ্গীকে সাথে চাইবো।
আবার প্রেম! আবারও ভালোবাসা—
কত স্বপ্ন! কত আশা!
কি মজা! কি মজা— এটাই!
তাই—
মরণের সাথে প্রেম করতে চাই।
মরণের সাথে প্রেম করতে চাই…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)