![]()
এত দেবীকে খুঁজব কেন?
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
দেবীর কাছে…
শত প্রার্থনা,
আমার মায়ের খবর কী রাখ?
যে মা সংসার আগলে রেখে
একাই লড়ে যায়…
অভাবের শত আঘাত সয়ে
সন্তানকে বাঁচায়—
সে কি দুর্গা নয়?
যে মা শূন্য হাতে সংসার সাজায়,
অল্পেতেই সুখ খুঁজে পায়—
সে কি লক্ষ্মী নয়?
যে মা প্রথম বর্ণ চেনায়,
জীবনের পাঠ পড়ায়—
সে কি সরস্বতী নয়?
যে মা অন্যায়ের সামনে দাঁড়িয়ে
সন্তানকে সাহস জোগায়,
ভয়কে জয় করতে শেখায়—
সে কি কালী নয়?
আজ দেবী খুঁজতে
সাত সমুদ্র পেরোব কেন?
মা তো আমার ঘরের দেবী,
তাঁকে রেখে—
এত দেবীকে খুঁজব কেন?
এত দেবীকে খুঁজব কেন…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)