![]()
কৃষ্ণ চূড়া, রাধা চূড়া
Krishna Chura, Radha Chura
কলমে—সুব্রত পণ্ডিত
তোমরা ফোটালে রূপের মেলা—
ফুল কৃষ্ণচূড়া, রাধাচূড়ার খেলা।
তোমাদের ওই স্নিগ্ধ হাসিতে
মাতাল হলো এই সারাবেলা।
সবুজ পাতার আড়ালে লুকিয়ে
তোমরা যেন এক ঐশ্বরিক কণা,
তোমাদের রূপে আকুল বাতাস
ধন্য হলো মোর মনের আঙিনা।
পাখির ডাকে শিহরিত হয়ে
রঙের সিন্ধু গায়ে মেখে,
তোমরা এলে ধরণীর বুকে
গ্রীষ্মকালের প্রথম পলকে।
লাল কৃষ্ণচূড়ায় জ্বলে
অন্তহীন স্বপ্নের আলো,
রাধাচূড়ার হলুদ হাসি
ছড়িয়ে দেয় মায়া ভালো।
লাল-হলুদের রঙের ছোঁয়ায়
সাজালে যেন প্রকৃতির আঁচল,
তোমাদের ঘিরে মুগ্ধ হয়ে
হাসে পথ, আকাশ আর বনাঞ্চল।
দিন ফুরোবে, ফুল ঝরবে,
রঙ মিশে যাবে ধুলোর পরে,
তবু তোমাদের স্মৃতি রবে
আমার মনের গোপন ঘরে।
আবার যখন গ্রীষ্ম আসবে
রৌদ্র নামবে ধরণীর বুকে,
তোমরা এসো বারেবারে
তোমাদেরই রঙিন ছোঁয়া এঁকে।
ঋতুর শেষে ঋতুর ডাকে,
মন হারাক রঙের বাঁকে।
কিশোর-কিশোরী, তরুণ-বৃদ্ধ,
ভালোবাসায় থেকো সুখে।
একই রঙে এসো বারেবারে,
রঙ ছড়িয়ে দিও ধরারই ধারে।
সর্বদা থেকো ভালোবাসা হয়ে,
কৃষ্ণচূড়া, রাধাচূড়া—রঙিন মায়া লয়ে।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)