![]()
অন্ধত্ব ;
প্রেমময় প্রকৃতি দেখাবার সুযোগ শূণ্যের কোঠায়।
বিলাস বহুল সাম্রাজ্য,
দুঃখিনীর শণের চাদরে মুড়ানো ছেঁড়া কুঠরি,
ভিখারির পাতা হাত,
বিত্তশালীর বিতরণের অতিরঞ্জিত মঞ্চ,
প্রেমিকের কান্না,
ছলনাময়ীর অশুচি আলাপচারিতা,
নৈতিকতার পরিপাটি,
অনৈতিক কোলাহলময় কুৎসিত কারখানা,
নিরহের আর্তি,
দজ্জালদের হিংস্রতা,
সাধুর সরলতা,
নিন্দুকের কদর্য,
বয়োজ্যেষ্ঠদের অবমাননা,
নতুন কুঁড়িদের উস্কানির বেড়াজালে আবদ্ধতা,
সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে ব্যথিতের আর্তনাদ,
ভাতৃত্বের বন্দন ছিন্নকারী নরপিশাচের হুঙ্কার,
শ্রদ্ধাকে অসম্মান,
স্নেহকে তাচ্ছিল্য,
বিশ্বাস এর অমর্যাদা,
অবিশ্বাস দৃষ্টিতে অসাড় আঁখিপাত দেখবার বল নেই।
দেখবার সুবিধা নেই তাতে কি?
শুনতে তো পায়;
প্রেয়সীর সুরে প্রণয়ের ডাক,
অশ্রুজলের প্রস্তাবনার পূর্ব আকুতি,
অভিমান, অভিযোগ, স্বাঙ্গিকরণের আরাধ্য।
দেখবার ক্ষমতা নেই তাতে কি?
শুনতে তো পায়;
সমাজের ব্যাধিজনিত ভৎসনা,
সরলতার আড়ালে ঐ বিষমিশ্রিত কাঁপুনি,
বিপথে হাঁটলে অভিভাবকের গর্জন।
দেখবার সামর্থ্য নেই তাতে কি?
শুনতে তো পায়;
অভুক্ত প্রাণের নাদ,
ধর্ষিতের আর্তচিৎকার,
নির্লজ্জ, বেহায়া, কাণ্ডজ্ঞানহীন জানোয়ারদের তামাশার শব্দ।
দেখবার যোগ্যতা নেই তাতে কি?
শুনতে তো পায়;
কুসংস্কারকে আগলে রাখা বেকুবদের অট্টহাসি,
স্রষ্টার প্রতি নির্ভয় মুখশ্রীর ব্যাঙ্গ ধ্বনি,
সৃষ্টির প্রতি অবহেলার চাতুর্যের আওয়াজ।
___
২৪ ঘন্টা খবর বিডি/জুন ১৩, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)