![]()
শেষ প্রার্থনা Shesh Prarthona
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
হে আমার আরাধ্য,
আরও কিছু চাই শেষ প্রার্থনায়,
যখন শেষ প্রহর
নেমে আসবে জীবনের আকাশে—
তখন যেন মাথা নত না হয়,
ভেঙে না পড়ে মন,
জীবনের যতটুকু আলো পেয়েছি,
রাখি তারই ঋণ।
যা কিছু দিয়েছ তুমি,
তার জন্য জানাই কৃতজ্ঞতা,
যা কিছু পাইনি জীবনে—
নেই কোনো আক্ষেপ।
হে আমার আরাধ্য…
শেষের শেষে যেন
মাথা উঁচু করে বলতে পারি—
যা পেয়েছি, তার জন্য ধন্য,
যা দিতে পেরেছি, তার জন্য তৃপ্ত,
যা রেখে যাচ্ছি—তা অনন্য।
শেষ নিশ্বাসের আগে যেন—
কারও মনে না রাখি ক্ষত,
ক্ষমা করে যেতে পারি সবাইকে,
ক্ষমা চাইতে পারি শত।
হে আমার আরাধ্য,
আমি মৃত্যু চাই গর্বের সঙ্গে,
আমি মৃত্যু চাই হেসে,
আমি মৃত্যু চাই যন্ত্রণাহীনভাবে।
যখন স্বাভাবিক সময়ে মৃত্যু আসবে,
তখন যেন মাথা উঁচু করে,
শান্ত মনে,
তাকে গ্রহণ করতে পারি—
তোমার ইচ্ছার কাছে মাথা নত করে।
এটাই আমার প্রার্থনা…
—এটাই শেষ প্রার্থনা…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)