![]()
ওই কিছু
কলমে — সুব্রত পণ্ডিত
বড় একা লাগে—
একা একা তাকাই, একাই ভাবি।
ভাল্লাগেনা কোনো কিছুই;
কিছু ভেবে মনটাও উদাস হবি।
যাবি ওর কাছে—
তবে যা, নিয়ে আসবি ভালোলাগার চাবি।
জানিস, ও খুব ফুল ভালোবাসে—
রক্তগাঁদা অবশ্যই নিয়ে যাবি।
পারলে কৃষ্ণচূড়া, গন্ধরাজ,
রজনীগন্ধা, জুঁই, পলাশ, শিমুল নিবি।
ও হ্যাঁ—
চাঁপা, দোপাটি, নয়নতারা,
কামিনী, মালতি, বেলি, টগরও দিবি।
না না—
যত রকমের ফুল আছে, সবই নিয়ে যাবি।
আমি জানি,
ও রক্তগাঁদা ফুল হাতে নিয়ে নাচাবে,
তারপর হাসতে হাসতে খোঁপায় গুঁজে দেবে।
পরে শুকনো হলে—
ও গাঁদার চারা তৈরি করবে।
চারাগুলো লাগিয়ে,
জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখবে।
ফুল হলে—
ফুলের সঙ্গে ছবি তুলবে
আর কিছু বলবে।
ওই কিছু বলা–না বলা গুলোই
আকাশে-বাতাসে ছড়িয়ে যাবে।
কখনো বৃষ্টি হয়ে মাটিতে পড়বে,
আবারও বাষ্প হয়ে মেঘ হবে।
দখিনা হয়ে ফিরে আসবে,
আবারও উত্তরের ঠান্ডা বয়ে যাবে।
আমি পাতা হয়ে মাথা নাড়বো,
ও শুধু ফুল হয়ে হাসতেই থাকবে।
ওর হাসি,
ওর চোখের চাহনি,
ওর না বলা কথা,
না লেখা চিঠিগুলো চাইবি।
যদি না দেয়,
তাহলে বলবি—
“আমার মন ভালো নেই,
ওইগুলো পড়তে চাইছি”— জানাবি।
ভালোবাসার তরে
ও সবকিছু উজাড় করে দিয়ে দেবে— দেখবি।
তুই ভালোলাগার চাবি নিয়ে এলে,
আমি পাহাড়, পর্বত, সমুদ্রে যাব।
নদী, নালা, খাল, বিল,
ধূসর মরুভূমি, চিরহরিৎ অরণ্যে
আলো ছড়াবো।
ঝরনা হয়ে ঝরে পড়বো,
নদী হয়ে বয়ে যাব,
শেষে মোহনায় মিশবো।
ওই চাবি দিয়েই খুলে দেখব সৌন্দর্য—
সুন্দর যা কিছু, সব নিয়ে নেব।
সুন্দরভাবে, সুন্দর করে
সময়ের দ্বারে বিলিয়ে দেব—
সবাই ভালো হয়ে যাবে।
সব ভালো হয়ে গেলে
মন খারাপ আর হবে না,
একা থাকতে হবে না— মজা হবে।
আনন্দধারা বইবে
ওই কিছু গুলিতে।
ওই কিছু গুলি বাঁচিয়ে রাখলে
অনেক কিছু ঘটবে।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)