সন্ন্যাসী দিনরাত (২)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এতদূর অবধি অনেকগুলি সন্ন্যাসী দিন আমি করেছি পার
এই না-প্রাণি না-উদ্ভিদ জীবনে আমার;
নিজের কাছে মস্তবড় বোঝা আমি আজ নিজেই এখন-
যেন পতি নামক পুরুষ ছাড়া সখিনার ঘাড়ে যেমন-
তিনটি অবোধ শিশু; নাড়িছেড়া ধন…

এখানে শিশিরের মতন
ভেজাভেজা প্রেম জীবনঘাসে
যেন নিমিষেই হাওয়া হয়ে যায় যন্ত্রণার ফার্নেসে;
কর্পূরের মতন উবে যায় যেন অদৃশ্য বাতাসে,
নিঃসীম আকাশে, আকাশের ওপার আকাশে…

কেবলই এক তাজা-পুষ্ট অপ্রেমের লেনদেন চুলির মুঠি ধরে
সখিনার মতন টেনে নিয়ে যায় আমারে
এক অনিশ্চিত ভবিতব্যের দিকে
যা কুয়াসার মত বড়ই দুর্ভেদ্য, রঙহীন, কেবলই ফিঁকে…

অনেকগুলি সন্ন্যাসী রাত আমি পার করেছি কুক্ষণে
এই আমার না-স্বপ্ন না-বাস্তব জীবনে;
নিজেই আজ বেসামাল পুরুষ এক নিজের কাছে…

হ্যাঁজীবন-নাজীবন-অজীবন, কী যে এক জীবন আছে!
-ঠিক যেন ককটেইলের রঙেমেশা দরদালানের
বাসিন্দা ঐ চড়ুইয়ের
চড়ুই-চড়ুই-জীবন ধাঁচে,
যেখানে মৃত্যুর অধিক কিছু কেবলই নাচে, কেবলই নাচে…

এখানে দিন নেই, রঙের মায়া নেই,
নেই আবিরের কোন আবির-আবির ছোঁয়া সেই…
এখানে বেশ্যার ভালোবাসার মতন
কালো কালো রাত যেন গহীন-গহন,
কেবলই চন্দ্রহীন,
কেবলই তারকাবিহীন…

কসবী-প্রহরগুলি তাই এখানে কেবলই দীঘল হয়-
আচেহ থেকে ধেয়ে আসা সুনামির ন্যায়
দেশ থেকে দেশে, সাগর থেকে সাগরে…
ঠিক তেমনই আমার ঘরে
আমি যেন আজ আদিম জনপদের ন্যায়
ক্রমশঃ বিলীন হয়ে যাই সন্ন্যাসী রাতের কুয়াশায়…

অতঃপর শব-পোড়ানো ধোঁয়ার মতন
কেবলই ভাসতে থাকে অণুক্ষণ
কুয়াশার সাথে মিশে এঁকে বেঁকে
আমার গণিত-মস্তিষ্কের সরলাংকগুলি একে একে…

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 140Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।