![]()
মুক্তির প্রথম পরিচয়
কলমে— সুব্রত পণ্ডিত
মন রে আমার,
চিনলি কি তুই
নিজের মনের ভাষা?
ছয় রিপুর খেলার আড়ালে
হারিয়ে যায় সব ভালোবাসা।
মোহ তো মাকড়সার জাল,
বাঁধন বড় জটিল আজকাল,
জাপটে রাখে মন,
ভুলিয়ে দেয় বাণী সকল।
মরীচিকার মতোই কাম,
মিথ্যে সুখের আশা,
যতই ছুটি তার পিছু,
শুধুই বাড়ে দুরাশা।
দাবানলে দাঁড়িয়ে ক্রোধ,
জ্বালায় মনের ঘর,
এক নিমেষের উত্তাপে
প্রিয়জনও হয় পর।
অতল সাগরসম লোভ,
চাওয়ার নেই শেষ,
পেয়েও অতৃপ্তি বাড়ে,
শান্তি হয় ধীরে ধীরে নিঃশেষ।
এখন তো—
মদ-ই রোশনাই,
শুধু নিজের ছায়ার বড়াই,
আপনজন ছাড়াই
অহংকারের উঁচু খাড়াই।
কালনাগিনীই মাৎসর্য,
উঠতে-বসতে ছড়ায় ঈর্ষা,
গিলতে হয় বিষের পেয়ালা।
পরের সুখ দেখে
নিজের সুখ যায় পাতালে,
ঘুরেফিরে মুখের হাসিতে
কৃত্রিম প্রদীপ জ্বালে।
ছয় রিপু— ছয়টি শিকল,
বাঁধে মনের দ্বার, করে বিকল।
প্রেম বিলাতে হয়ো রাজি,
রিপুর বন্ধন দাও মুছে,
শিকল ভেঙে এগিয়ে চলো,
বিবেকের আলোয় মনকে সাজাও।
ভালোবাসায় নেই—
জয়-পরাজয়,
রিপুকে চিনতে পারাই—
আজ মুক্তির প্রথম পরিচয়।
মুক্তির প্রথম পরিচয়…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)