![]()
অ-এর অভিমান
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে
অ-কে বাদ দিই কী করে,
অ যে আমার শব্দের বাড়ি!
মূল শব্দের আগে
‘অ’ বসালে অসত্য,
‘অ’ বসালে অবিশ্বাস,
অমানবিক, অবৈধ, অযোগ্য।
অসম্মান থেকে ‘অ’ ছাঁটলে সম্মান,
অশান্তিতে ‘অ’ বাদ দিলেই শান্তি।
কোথাও অ-তে অর্থ বদলায়,
কোথাও বানান যায় বিগড়ে,
কোথাও আবার অ-ই যেন
বিপরীতের চাবি ধরে!
সক্রিয় ছিল মূল শব্দ,
অ বসিয়ে লিখি— অনিষ্ক্রিয়!
নিরাশার পাশে অ জুড়ে দিয়ে
লিখে ফেলি— অনিরাশা!
এতেই খাতায় শূন্য পেয়ে
পরীক্ষায় সর্বনাশের দশা!
এমন ভুল করেছি বলব কারে!
‘অ’ শুদ্ধ নয়— অশুদ্ধ,
‘অ’ ন্যায় নয়— অন্যায়,
‘অ’ সৌজন্য নয়— অসৌজন্য,
যত্নের আগে ‘অ’ জুড়লেই
ব্যাকরণে মান্য!
অ যে আমার প্রথম লেখা
প্রথম শেখা বর্ণ!
অ-কে বাদ দিই কী করে?
অ দিয়ে ভর্তি অভিধান,
তবু ঘুচল না অ-এর অভিমান!
ঘুচল না অ-এর অভিমান…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)